গানে গানে প্যারিস বন্দনা
ফ্রান্সের রাজধানী প্যারিসকে বলা হয় ‘সিটি অব লাভ’। এ শহরকে নিয়ে নির্মিত হলো বাংলা গান ‘উই লাভ ইউ প্যারিস’।
প্যারিসে প্রবাসী বাংলাদেশিদের অনুভূতি নিয়ে নির্মিত হলো গান ‘উই লাভ ইউ প্যারিস’। জনি হকের কথায় গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন আমেরিকান নাগরিক নাভেদ পারভেজ। এতে কণ্ঠ দিয়েছেন প্যারিস প্রবাসী বাংলাদেশি তরুণ ফাহাদ বিন আজিজ। গানের মিউজিক ভিডিও নির্মাণ করবেন ফরাসি নাগরিক আহামেদ ফরিদ।
গত ২৮ মে শহরটির গার দি লিস্টে প্রবাসী বাংলাদেশি সংগীতশিল্পী আরিফ রানার মাল্টিডাইমেনশন স্টুডিওতে গানটির রেকর্ডিং হয়েছে।
প্যারিস নিয়ে গান তৈরির উদ্যোগটি মূলত আহামেদ ফরিদ রনির। তিনি বললেন, ‘আমরা যারা প্যারিসে এসে বসতি গড়েছি, তাদের মধ্যে এই শহর নিয়ে আলাদা একটা ভালোলাগা কাজ করে সবসময়। হাসি-কান্না, আনন্দ-বেদনার মধ্যেও প্যারিস আমাদের বাংলাদেশিদের কোথাও না কোথাও আশা ছড়িয়ে দেয়। সেই ভাবনা থেকেই ভেবেছি শহরটির ওপর একটা বাংলা গান করা যায়।’
সংগীত পরিচালক নাভেদ পারভেজ বলেন, ‘নাচের উপযোগী মিউজিক দিয়ে সাজানো হয়েছে গানটি। শুরু থেকে শেষ অবধি নাচের আমেজ রাখার চেষ্টা করেছি। প্যারিসের ওপর গানে কাজ করতে পেরে আমি আনন্দিত।’
গানটির গীতিকার জনি হকের কথায়, “কান চলচ্চিত্র উৎসব নিয়ে লেখালেখি করতে ফ্রান্সে আসার সূত্রে প্যারিসকে দেখা ও জানা হয়েছে। দুই হাজার বছরেরও বেশি ঐতিহ্য রয়েছে এই নগরীর। রাজনীতি, শিক্ষা, বিনোদন, গণমাধ্যম, পোশাকশৈলী, বিজ্ঞান ও শিল্পকলা; সবদিক দিয়েই প্যারিসের গুরুত্ব ও প্রভাব অন্যতম। এই শহরটাকে দেখলেই মনে হয় ছবির মতো। তাই গানটির প্রথম লাইনই রেখেছি ‘ছবির মতো’। প্যারিসের পথে পথে হাঁটলে প্রতিদিনই নতুন মনে হয়! এমন কিছু কথার মাধ্যমে প্যারিসের প্রতি ভালো লাগা প্রকাশ করেছি। শ্রোতাদের ভালো লাগলে খুশি হবো।”
কণ্ঠশিল্পী ফাহাদ বিন আজিজ বলেছেন, “নাভেদ পারভেজ সুর ও জনি হকের লেখা গান আগেও গেয়েছি। ‘উই লাভ ইউ প্যারিস’ লিরিকটা পড়ে দারুণ লেগেছে। এ নিয়ে উচ্ছ্বসিত আমি। মিউজিক ভিডিওটি বের হলে শ্রোতারাও এই উচ্ছ্বাসে শামিল হবেন আশা করছি।”
নির্মাতা আহামেদ ফরিদ রনি জানালেন, শিগগিরই গানটির মিউজিক ভিডিওর শুটিং শুরু হবে। এখন ফরাসি কোরিওগ্রাফারদের সঙ্গে কাজটির প্রক্রিয়া নিয়ে আলোচনা চলছে। আগামী ঈদুল আজহার আগেই মুক্তি পাবে ‘উই লাভ ইউ প্যারিস'।
