২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সোনমের বিয়েতে থাকছেন না দীপিকা

এখন বলিউডের বড় খবর অনিল কাপুর-কন্যা সোনম কাপুরের বিয়ে। ভারতীয় চলচ্চিত্র জগতের বহু তারকার এই বিয়েতে উপস্থিত থাকার কথা থাকলেও থাকছেন না দীপিকা পাড়ুকোন।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2018, 10:20 PM

Updated : 19 Aug 2022, 01:59 PM

বলিউড ইন্ডাস্ট্রির বর্তমান সময়ের ব্যস্ত এবং বিশিষ্ট অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের এই বিয়েতে অনুপস্থিতি নিয়ে গুঞ্জন শুরু হয়েছে।

ব্যক্তিগত এবং পেশাগত কারণে এই দুজন একে অপরকে তেমন পছন্দ করতেন না। সম্পর্কের ফাটল কিছুটা মেরামতের চেষ্টা দুপক্ষ করেছিলেন ঠিকই কিন্তু পুরোপুরি যে মিটে যায়নি নানা সময়েই তা বোঝা যায়।

ভারতীয় টেলিভিশনের টক-শো ‘কফি উইথ করণ’-এর এক অনুষ্ঠান থেকে এই দুজনের ঠাণ্ডা লড়াই শুরু। দীপিকার ফ্যাশন সেন্সকে কটাক্ষ করেছিলেন সোনম। আর সোনমের সেই কটাক্ষের কড়া জবাব দিয়েছিলেন দীপিকা।

এনডিটিভি সূত্রে খবর, এখন নিউ ইয়র্কে রয়েছেন দীপিকা। সোনমের মেহেদির দিন, ৭মে, নিউইর্য়কে মেট গালায় অংশ নেওয়ার কথা তার। ৮তারিখ সোনমের বিয়ে আর ১০ মে কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে হাঁটার কথা দীপিকার।

সেইকারণেই এত ব্যস্ত শিডিউলের মধ্যে কোনওভাবেই  সোনমের বিয়েতে থাকতে পারবেন না দীপিকা মনে করা হচ্ছে।

২০০৭ সালে বলিউডে অভিষেক হয় এই দুই অভিনেত্রীর। দীপিকার ‘ওম শান্তি ওম’ বক্স অফিসে সাফল্য পেলেও তেমন সাড়া জাগাতে পারেনি রণবীর কাপুরের সঙ্গে সোনম কাপুরের ‘সাওয়রিয়া’।

পরবর্তী সময়ে এই রণবীর কাপুরের সঙ্গে সম্পর্ক নিয়েও দুজনের মধ্যে টানাপোড়েন তৈরি হয়।

এসমস্ত কারণেই সোনমের বিয়েতে দীপিকার অনুপস্থিতি নিয়ে বলি-পাড়ায় জোর গুঞ্জন উঠেছে।

অন্যদিকে, সোনম কাপুর এবং আনন্দ আহুজার বিয়ের আমন্ত্রণপত্র প্রকাশ্যে আসতেই ভাইরাল হয়ে গেছে সামাজিক মাধ্যমে।

প্রকৃতিপ্রেমী সোনম তার বিয়ের আমন্ত্রণপত্র ছাপিয়ে ‘কাগজের অপচয়’ করতে চাননি, তাই  সোনম এবং আনন্দ দু‌জনেই ই–ইনভাইট করছেন অতিথিদের।

৭ মে বান্দ্রার সানটেক সিগনেচার আইল্যান্ডে হবে মেহেদির অনুষ্ঠান। ৮ মে রকডেলে হবে বিয়ে। বিয়ের অনুষ্ঠান চলবে সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। এরপর ওই রাত্রেই বিয়ের পার্টি হবে দ্য লীলাতে।

তিনটে অনুষ্ঠানেই অতিথিদের ড্রেস কোড বলা হয়েছে। অতিথিরা  কোনও উপহার যেন না আনেন তাও উল্লেখ রয়েছে আমন্ত্রণপত্রে।