২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘এ ফিল্মটি আমার সারাজীবনের স্মৃতি হয়ে থাকবে’

বাংলাদেশে এলেন ঋতুপর্ণা। শুধু পশ্চিমবঙ্গেই নয়, বাংলাদেশের বাণিজ্যিকধারার চলচ্চিত্রেও তার জনপ্রিয়তা অসামান্য। দীর্ঘদিন পর চিত্রনায়ক আলমগীর পরিচালিত ‘একটি সিনেমার গল্প’ চলচ্চিত্রের মধ্য দিয়ে বাংলাদেশের বড়পর্দায় হাজির হচ্ছেন এ নায়িকা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রুদ্র হক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2018, 07:18 PM

Updated : 11 Oct 2022, 12:16 PM

বাংলাদেশে বৈশাখী উৎসবের আমেজ। এরই মধ্যে আগামীকাল সারাদেশে মুক্তি পেতে যাচ্ছে ঋতুপর্ণা-আরেফিন শুভ অভিনীত চলচ্চিত্র ‘একটি সিনেমার গল্প’। এ সিনেমার টানেই বাংলাদেশে হাজির দুই বাংলার জনপ্রিয় নায়িকা ঋতুপর্ণা সেনগুপ্ত।

গত বছর ৯ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া চলচ্চিত্রটি মুক্তি পেতে যাচ্ছে আগামীকাল। তার আগে চলচ্চিত্রের গানের অডিও অ্যালবামের মোড়ক উন্মোচন অনুষ্ঠানের ছলে চলচ্চিত্রটির প্রচারণায় উপস্থিত চলচ্চিত্র সংশ্লিষ্ট সবাই। এলেন ইন্ডাস্ট্রির গণমাণ্যরাও।

সবার মাঝে দাঁড়িয়ে শুটিংয়ের স্মৃতিচারণ করে চিত্রনায়িকা ঋতুপর্ণা সেনগুপ্ত বললেন, “এ ফিল্মটি আমার সারাজীবনের স্মৃতি হয়ে থাকবে।”

তার আগেই মঞ্চে দাঁড়িয়ে পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার বলে গেলেন, তার দেখা সাম্প্রতিক চলচ্চিত্রগুলোর মধ্যে শ্রেষ্ঠ ‘একটি সিনেমার গল্প’। সেন্সরবোর্ডসদস্য হিসেবে ছবিটি তার আগেই দেখা হয়ে গেছে। সিনেমার মানুষের ভেতরের গল্প ফুটে উঠেছে চলচ্চিত্রটিতে।

ঋতুপর্ণা তার সঙ্গে সুর মিলিয়ে বললেন, “ছবি আমরা অনেকেই করি, ছবির মধ্যে বসবাস করি, জীবন যাপন হয়। কিছু ছবি হয় যেগুলো আমাদের জীবনে বড় রেখাপাত করে। আমাদের জীবনের মধ্যে মিশে যায়। কিছু ছবি হয়ে যায় প্রাণের ছবি। সেরকমই একটা ছবি ‘একটি সিনেমার গল্প’।

কেন? তার কিছু বিশেষ কারণ আছে। অবশ্যই আমাদের কিংবদন্তি অভিনেতা আলমগীর এর পরিচালক। পরিচালক হিসেবে তাকে আমার প্রথম দেখা। কিন্তু তাকে একজন অভিনেতা হিসেবে, আর একজন বড় মনের মানুষ হিসেবে আগেই দেখেছি। সেটা তার কাজেও প্রতিফলিত হয়েছে।”

নিজের বক্তব্যের প্রায় পুরোটাজুড়েই নির্মাতা আলমগীরের প্রশংসার ফুলঝুরি ফুটলো ঋতুপর্ণার মুখে,“নিজেরা করেছি বলেই সেটা বলছি না-এত সংবেদনশীল এত মর্মস্পর্শী একটা স্ক্রিপ্ট সচরাচর সত্যিই পাওয়া যায় না।

সত্যিই অভিনেতা-অভিনেত্রীদের জীবনটা এত রঙিন হয় না। তার মধ্যে কতো দুঃখ, কষ্ট, কাটাছেঁড়া, আপস এন্ড ডাউন, পলিটিক্স, স্যাক্রিফাইসের মধ্য দিয়ে যেতে হয়, সেটা আলমগীর ভাই উপলব্ধি করেছেন।

এই ছবিতে তিনি তার অসাধারণ উপলব্ধি নিয়ে কাজ করেছেন।

যখন তিনি আমাকে ছবিটির কথা বলেন, আমার মনে হয়েছে সত্যিই আমি একজন ব্লেসড চাইল্ড- যে তার মতো একজনের সান্নিধ্য পাচ্ছি।

এখন পরিচালক যারা আছেন তারা সত্যিই অনেক ট্যালেন্টেড। কিন্তু আলমগীর ভাই অনেকগুলো জেনারেশন পেরিয়ে এসেছেন। উনি জানেন পাল্সটা কীভাবে ধরতে হয়।”

৪৫ পেরিয়েও ঋতুপর্ণা নায়িকা হিসেবে দাপিয়ে অভিনয় করছেন বড়পর্দায়। বাংলাদেশের চলচ্চিত্রে চিত্রনায়ক জসিম, মান্নার মতো নায়কের বিপরীতে অভিনয় করা ঋতুপর্ণা অভিনয় করলেন হালের সেনসেশন আরেফিন শুভ’র সঙ্গে।

অনুষ্ঠানে আরেফিন শুভ’র দেরিতে উপস্থিত হওয়া নিয়ে নিজের বক্তব্যে একটু খুনসুটিতে মেতে উঠলেও প্রশংসা করলেন শুভ’র। বললেন, আরেফিন শুভ খুব ভালো কাজ করেছেন। আমার মনে হয় তাকে নতুন রূপে পাওয়া যাবে। হি হ্যাজ ডান এ গ্রেট জব।”

বাংলাদেশের চলচ্চিত্রে ঋতুপর্ণার যাত্রা শুরু ‘স্বামী কেন আসামী’ চলচ্চিত্রের মাধ্যমে।একে  একে তিনি উপহার দিয়েছেন ‘জুম্মন কসাই’, ‘স্বামী ছিনতাই’, ‘তোমার আমার প্রেম’, ‘সাগরিকা’ ও ‘রাঙা বউ’ ইত্যাদি সুপার হিট চলচ্চিত্র।

ফের এ পারে অভিনয়ের আকাঙ্ক্ষা ফুটে উঠলো তার মুখে।  বললেন, “বাংলাদেশের চলচ্চিত্রের সঙ্গে আমার অনেকদিনের যোগাযোগ, আমার মনে হয়, কলকাতার ছবিতে আমার যতদিন বাংলাদেশের সঙ্গেও খুব কম নয়।

আমি প্রত্যেকটা মুহূর্তেই অনুভব করেছি, বাংলাদেশের মানুষরা আমাকে এতো ভালোবেসেছেন। এখানে অনেকদিন পর আমার একটা ছবি রিলিজ হচ্ছে। আমি সত্যিই এখানে অনেক কাজ করতে চাই।

অনেক শর্ত যদিও আছে, যারা সমিতির তারা ভালো বলতে পারবেন। আমি সীমান্তের বাধা মুক্ত হয়েই কাজ করতে চাই। বাংলাদেশের চলচ্চিত্র একটি উন্নত জায়গায় যাচ্ছে। অনেক নতুন নতুন কনসেপ্ট আসছে। রেভুলিউশন হচ্ছে। আমি এটার অংশ হতে চাই।”

কলকাতায় পহেলা বৈশাখে মুক্তি পাচ্ছে কৌশিক গাঙ্গুলির পরিচালনায় তার অভিনীত চলচ্চিত্র ‘দৃষ্টিকোন’।

অথচ এবার বৈশাখ উৎসব বাংলাদেশেই উদযাপন করবেন তিনি। ‘একটি সিনেমার গল্প’  চলচ্চিত্রের প্রচারণায় অংশ নিবেন টানা পাঁচ দিনের মিশনে।

শেষ করলেন বৈশাখ নিয়েই, “পহেলা বৈশাখ বাংলাদেশের সবচেয়ে বড় উৎসব। এইবার এই উৎসবে আমি বাংলাদেশে থাকছি-এটা আমার জন্য অনেক বড় আনন্দের। কলকাতাতেও উৎসব হবে। সেখানে আমার দুটো ছবি রিলিজ পাবে। আশা করছি সব ছবিই যেন দর্শকদের আশীর্বাদধন্য হয়।”