পহেলা বৈশাখে নুহাশ-সাঁজবাতি’র ‘কাগজের খেলা’
পহেলা বৈশাখে চ্যানেল আইতে টিভি প্রিমিয়ার হতে যাচ্ছে নুহাশ হুমায়ূন পরিচালিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘কাগজের খেলা’।
কথাসাহিত্যিক ও নির্মাতা হুমায়ূন আহমেদের পুত্র নুহাশ হুমায়ূন নির্মিত প্রথম নাটক ‘হোটেল অ্যালবাট্রস’ গতবছর ঈদে প্রচারিত হয়। প্রথম নির্মাণেই দর্শকমহলে প্রশংসা কুড়িছেন নুহাস। তবে এটিই তার প্রথম নির্মাণ নয়।
জানা গেলো, ‘হোটেল অ্যালবাট্রস’ নির্মাণের আগে একটি স্বল্পদৈর্ঘ্য নির্মাণ করেছিলেন নুহাশ হুমায়ূন। এবার সেই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি পহেলা বৈশাখ অর্থাৎ ১৪ এপ্রিল রাত ৮টায় প্রচারিত হতে যাচ্ছে চ্যানেল আইয়ের পর্দায়।
নূহাশ হুমায়ূনের কাহিনি, চিত্রনাট্য ও পরিচালনায় ‘কাগজের খেলা’ নামের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম।
কেমন গল্পে নির্মিত হয়েছে ‘কাগজের খেলা’?
চলচ্চিত্রটিতে অভিনয় করেছে চলতিবছর গৌতম ঘোষ নির্মিত ‘শঙ্খচিল’ চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ শিশুশিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া সাঁজবাতি।
তার মুখপাত্র হিসেবে মা অভিনেত্রী বুড়ি আলী গ্লিটজকে বলেন, “ ‘কাগজের খেলা’ সাঁজবাতির প্রথম চলচ্চিত্র। নুহাশেরও তাই। ‘শঙ্খচিল’-এরও আগে এটি নির্মিত হয়েছিল।
নুহাশের এ নির্মাণের জন্য সাঁজবাতি লন্ডনে একটি ফেস্টিভালে বেস্ট আন্ডার এইটিন অ্যাওয়ার্ড পায়।
এছাড়া গতবছর লিট ফেস্টিভালে প্রদর্শিত হয় এ শর্টফিল্মটি। চ্যানেল আই তো স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র দেখায় না। নুহাশ হুমায়ূন বলেই পহেলা বৈশাখে প্রচারিত হতে যাচ্ছে এটি।”
সাঁজবাতি ছাড়াও এ ছবিতে অভিনয় করেছেন আহনাফ রহমান, পার্থ হেফাজ শেখ প্রমুখ।
