২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চলচ্চিত্র দিবস উদযাপনে এফডিসি ও শিল্পকলার বর্ণাঢ্য আয়োজন

৩ এপ্রিল জাতীয় চলচ্চিত্র দিবস। দিবসটি উপলক্ষে নানা আয়োজনে মুখরিত এফডিসি। পাশাপাশি বাংলাদেশ শিল্পকলা একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগও আয়োজন করেছে দেশব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালা।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2018, 03:03 PM

Updated : 19 Aug 2022, 01:50 PM

১৯৫৭ সালের ৩ এপ্রিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উত্থাপিত বিলের মাধ্যমে প্রতিষ্ঠিত হয় আজকের এফডিসি।

চলচ্চিত্রকর্মীদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে ২০১২ সাল থেকে এ দিবসটি জাতীয় চলচ্চিত্র দিবস হিসেবে উদযাপিত হয়ে আসছে।

মঙ্গলবার সকালে দিবসটি পৃথকভাবে উদযাপন করেছে এফডিসি কর্তৃপক্ষ ও নির্মাতা-শিল্পী ও কলাকুশলীদের নিয়ে গঠিত চলচ্চিত্র স্বার্থ সংরক্ষণ কমিটি।

এফডিসিতে সকাল সাড়ে ৯টায় চলচ্চিত্র দিবসের উদ্বোধন করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

উদ্বোধন শেষে মন্ত্রী বলেন, “একটি জাতির মানসিক উন্নয়নে চলচ্চিত্রের ভূমিকা অপরিসীম। সেটা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনুধাবন করতে পেরেছিলেন বলেই এই দেশে এফডিসি প্রতিষ্ঠা করেছিলেন।

তার হাত ধরেই বাংলাদেশে চলচ্চিত্রের বিকাশ শুরু হয়। আজকের এই দিনে তার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি।”

এই সময় তথ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম, চিত্রনায়ক রোশান, চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি ও চলচ্চিত্র সেন্সর বোর্ডের সদস্য ইফতেখার উদ্দিন নওশাদ, বিএফডিসির এমডি আমীর হোসেনসহ তথ্য মন্ত্রণালয় ও বিএফডিসির কর্মকর্তাবৃন্দ।

অন্যদিকে, সৈয়দ হাসান ইমামের সভাপতিত্বে দিনটি উদযাপন করছে চলচ্চিত্র স্বার্থসংরক্ষণ কমিটি।

ধানমন্ডি ৩২ নাম্বারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণসহ দিনব্যাপী নানা সাংস্কৃতিক আয়োজনে দিবসটি উদযাপন করবেন তারা।

এফডিসির বাইরে সারাদেশে দিবস উদযাপন করছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি।

কর্তৃপক্ষ জানায়, এ আয়োজনে থাকছে রাজধানীসহ ৬৪ জেলার শিল্পকলা একাডেমিতে চলচ্চিত্র প্রদর্শনী, চলচ্চিত্র কার্নিভাল, সেমিনার, চলচ্চিত্রের আড্ডা, প্রীতি সম্মিলনী, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

সন্ধ্যা সাড়ে ৬টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে চলচ্চিত্র কার্নিভাল, সন্ধ্যা ৭টায় জাতীয় চিত্রশালা মিলনায়তনে আলোচনা অনুষ্ঠান হবে।

আলোচনা পর্বে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী সভাপতিত্ব করবেন ।

আলোচক হিসেবে উপস্থিত থাকবেন চলচ্চিত্র নির্মাতা সৈয়দ সালাহউদ্দিন জাকী, মশিহউদ্দিন শাকের, মোরশেদুল ইসলাম ও ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশের সভাপতি লাইলুন নাহার স্বেমি।

এই আলোচনা সভায় ড. মো. জাহাঙ্গীর হোসেন, ‘হীরালাল সেন-উপমহাদেশের চলচ্চিত্রের উপেক্ষিত জনক’, অনুপম হায়াত, ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশের চলচ্চিত্র’ এবং বেলায়াত হোসেন মামুন, ‘বাংলাদেশের চলচ্চিত্র-আগামীর ভাবনা’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করবেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করবেন একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের পরিচালক মো. বদরুল আনম ভূঁইয়া।

এ ছাড়া জাতীয় চিত্রশালা মিলনায়তনে রাত ৮টা ১৫ মিনিটে সংগীতানুষ্ঠান এবং রাত ৮টা ৩০ মিনিটে চারু প্রাঙ্গণে প্রীতি সম্মিলনী ও চলচ্চিত্রের আড্ডা অনুষ্ঠিত হবে।