টরন্টোতে ‘বাংলাদেশ ফেস্টিভ্যাল’
কানাডার বাংলা সংবাদপত্র সাপ্তাহিক বাংলামেইলের উদ্যোগে আগামী ১৩ ও ১৪ মে টরেন্টোতে তৃতীয় বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বাংলাদেশ ফেস্টিভ্যাল’।
আয়োজকরা জানিয়েছে, এতে সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা, ট্রেড শো’সহ নানা ধরনের আয়োজন থাকবে।
বাংলাদেশ ফেস্টিভ্যালের কনভেনর শহিদুল ইসলাম মিন্টু বললেন, “আমাদের এই আয়োজন উপলক্ষে শুভেচ্ছাবার্তা দিয়েছেন কানাডার মাননীয় প্রধানমন্ত্রী। এটা আমাদের জন্য অনেক সম্মানের। তার এই শুভেচ্ছাবার্তা আমাদেরকে আরো উৎসাহিত করবে।”
চীফ কনভেনর আব্দুল হালিম মিয়া বললেন, “কানাডা-বাংলাদেশের সংস্কৃতি, কৃষ্টি এবং ঐতিহ্যের মধ্যে সেতুবন্ধন রচনা করাই এই আয়োজনের মূল লক্ষ্য।”
উৎসবের উদ্বোধন করবেন কানাডার বাংলাদেশ হাই কমিশনার মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অন্টারিও’র ইমিগ্রেশন ও সিটিজেনশিপ মিনিস্টার ল্যরা এ্যালবেনিজ, টরন্টো পুলিশের সাবেক চীফ বিল ব্লেয়ার এমপি, বাংলাদেশী অধ্যুষিত বিচেস-ইস্টইয়র্ক রাইডিংয়ের ন্যাথানিয়েল এরিস্কিন-স্মিথ এমপি ও টানা তিনবারের বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক সদস্য মুক্তিযোদ্ধা মনিরুল ইসলাম মনি।
