‘এই পুরস্কার বাংলাদেশে আমার সব পরিচালকদের’
প্রথমবারের মতো বাংলাদেশের কোনো অভিনেত্রী হিসেবে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পেলেন জয়া আহসান। পুরস্কারটি তিনি উৎসর্গ করলেন বাংলাদেশে তার নির্মাতাদের।
ভারতের শিল্পীদের জন্য সম্মানজনক, ঐতিহ্যবাহী ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস পেলেন বাংলাদেশের গুণী অভিনেত্রী জয়া আহসান।
তৃতীয়বারের মত আয়োজিত 'ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস ২০১৮’ (পূর্ব) তে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন জয়া। প্রথমবারের মতো বাংলাদেশের কোনো অভিনেত্রী পেলেন এ পুরস্কার।
শনিবার বিকেলে কলকাতার সায়েন্স সিটি মিলনায়তনে অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন জয়া আহসান।
বলিউডের 'কাহানি' ছবির পরিচালক সুজয় ঘোষের কাছ থেকে পুরস্কার গ্রহণ করার পর মাইক্রোফোন হাতে জয়া তার পুরস্কারটি উৎসর্গ করলেন বাংলাদেশের নির্মাতাদের।
নিজের বক্তব্যে জয়া বলেন, “আমার এই পুরস্কার আমি উৎসর্গ করতে চাই বাংলাদেশে আমার সব পরিচালকদের যারা অভিনেত্রী জয়া আহসানকে জন্ম দিয়েছেন।”
বিশেষ ধন্যবাদ, কৃতজ্ঞতা অরিন্দম শীল দা’কে যার হাত ধরে এই বাংলায় আমি কাজ শুরু করেছিলাম।
আমার পরিবার, বন্ধু এবং দুই বাংলায় আমার ভক্তরা, যাদের অনুপ্রেরণায় আমি যে কোনো কঠিন পথও সহজে পাড়ি দিতে পারি, তাদেরকে বিশেষ বিশেষ ধন্যবাদ।”
পুরস্কার প্রাপ্তির খবরে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছার বন্যায় ভাসছেন জয়া।
গত বছর মুক্তি পাওয়া 'বিসর্জন' ছবির জন্য বছরের সবচাইতে জনপ্রিয় অভিনেত্রী হিসেবে এ সম্মাননা পেয়েছেন তিনি।
গত শনিবার কলকাতার সায়েন্স সিটি অডিটোরিয়াম এ অনুষ্ঠিত এই অনুষ্ঠান-এ জয়া জনপ্রিয় ও সমালোচক দুটি বিভাগেই শ্রেষ্ঠ অভিনেত্রী পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছিলেন। তবে শেষ পর্যন্ত একটি পুরস্কার পেয়েছেন তিনি।
প্রসঙ্গত, জয়া আহসান এর আগেও শ্রেষ্ঠ নবাগতা এবং শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে দু'বার মনোনয়ন পেয়েছিলেন। তবে পুরস্কার পাননি।
এবার-ই প্রথম জয়ার হাতে পুরস্কার এসেছে। জয়া অভিনীত 'বিসর্জন' শ্রেষ্ঠ চলচ্চিত্র, শ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালক, শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা পুরস্কার সহ আসরের সবচেয়ে বেশি (৬টি) পুরস্কার জিতে নিয়েছে।
