টেলিভিশন নাট্যকার সংঘের নতুন উদ্যোগ
টেলিভিশন নাট্যকার সংঘের উদ্যোগে এই প্রথম শুরু হচ্ছে তিন মাস মেয়াদী নাটক রচনা বিষয়ক প্রশিক্ষণ কোর্স ‘নাটক রচনা শৈলী’।
নাটক রচনা প্রশিক্ষণ কর্মশালার ঘোষণা প্রদান উপলক্ষে ৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় রাজধানীর মগবাজারে টেলিভিশন নাট্যকার সংঘের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
প্রশিক্ষণ কোর্সের আহ্বায়ক এজাজ মুন্নার সঞ্চালনায় সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন টেলিভিশন নাট্যকার সংঘের সভাপতি মাসুম রেজা, সহ-সভাপতি বৃন্দাবন দাশ, সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন সুমন ও নাট্যকার তবারক হোসেন ভুঁইয়া।
সংবাদ সম্মেলনে জানানো হয়, তিন মাসব্যাপী এই কর্মশালার প্রথম সেশন শুরু হবে আগামী ২ মার্চ। ক্লাস চলবে সপ্তাহের শুক্রবার (বিকাল ৪টা থেকে রাত ৮টা) এবং শনিবার (বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৭টা) পর্যন্ত। প্রশিক্ষণ দিবেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও প্রখ্যাত নাট্যকারবৃন্দ।
পান্ডুলিপি সংক্রান্ত অভিজ্ঞতা বিনিময় করবেন স্যাটেলাইট চ্যানেলের অনুষ্ঠান প্রধান, নির্মাতা, অভিনেতা-অভিনেত্রী এবং কলাকুশলীগণ।
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীকে সনদপত্র দেওয়া হবে ও সেরা তিনটি চিত্রনাট্য নিয়ে স্বনামধন্য পরিচালকরা নাটক নির্মাণ করবেন।
কর্মশালা প্রসঙ্গে সংগঠনটির সভাপতি নাট্যকার মাসুম রেজা বলেন, “অনেকেই নাট্যকার হতে চায়, কিন্তু নাটক লেখার বেসিক গাইড লাইনের অভাবে নাট্যকার হিসেবে নিজের অবস্থান গড়তে পারে না।
আমরা সেই দিকটি মাথায় রেখে পুরো কোর্সটি এমন ভাবে সাজিয়েছি যেন কেবল নতুন নাট্যকারই নন, বরং যারা নিয়মিত নাটক লিখছেন তারাও উপকৃত হন।”
আবেদনপত্র পাওয়া যাচ্ছে নাট্যকার সংঘের কার্যালয় ২০ নিউ ইস্কাটন (চতুর্থ তলা), ঢাকা এবং নাট্যকার সংঘের ওয়েবসাইট -এ। কোর্স ফি ৬ হাজার টাকা। নাট্যকার সংঘের কার্যালয়ে সরাসরি আবেদনপত্র জমা দেয়ার শেষ তারিখ ২৭ ফেব্রুয়ারি।
