২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দ্বৈত চরিত্রে সুমাইয়া শিমু

‘চেহারা’ নাটকে দ্বৈত চরিত্রে অভিনয় করলেন ছোটপর্দার অভিনয়শিল্পী সুমাইয়া শিমু। নাটকটি রচনা করেছেন আহসান হাবিব সকাল ও পরিচালনা করেছেন দীপু হাজরা।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2018, 06:19 PM

Updated : 08 Apr 2022, 05:51 PM

সুমাইয়া শিমু ভালোবাসে রওনক হাসানকে। কিন্তু তার ভালোবাসায় বাধা হয়ে দাঁড়ান নাফিজা নাফা। রওনককে পেতে সার্জারি করে সুমাইয়া শিমুর চেহারার আদলে নিজের চেহারা বদল করেন নাফা। এমন দুই চরিত্রেই দেখা যাবে শিমুকে।

চরিত্রটি প্রসঙ্গে সুমাইয়া শিমু বলেন, “প্রথম যখন গল্পটা পড়ি আমার বেশ ভালো লেগেছে। সচরাচর আমরা ভাই-বোনের ক্ষেত্রে দ্বৈত চরিত্রে অভিনয় করি। এটি একদম আলাদা। নিজের চেহারা সার্জারির মাধ্যমে বদলে অন্যের চেহারা ধারণ করে অভিনয় করার বিষয়টি আমার কাছে খুবই ইন্টারেস্টিং লেগেছে।”

তিনি আরও বলেন, “দীপু ভাইয়ের কাজের ব্যাপারে নতুন করে কিছু বলার নাই। খুব ভালো কাজ করেন। সবচেয়ে বড় কথা গোছানো একটি ইউনিট। যা করতে চান আগে থেকে ভেবে নেন। আশাকরি দর্শকদের ভালো লাগবে নাটকটি।”

নাটকে শিমু ছাড়াও অভিনয় করেছেন রওনক হাসান, ড. ইনামুল হক, নাফিজা নাফা, মীর শহীদ, সোহানা সীমা, রশেদা রাখী, নিথর মাহবুব, খালেদ সোহান, রবিন প্রমুখ।

আসছে ঈদে একটি স্যাটেলাইট চ্যানেলে নাটকটি প্রচারের কথা হয়েছে।