এবার সাহসী ‘স্বপ্না দিদি’ দীপিকা পাড়ুকোন
পরবর্তী ছবিতে এই অভিনেত্রীকে দেখা যাবে মুম্বাইয়ের অন্ধকার জগতের প্রতিশোধপরায়ন এক নারী চরিত্রে ।
কাঁপিয়ে দিচ্ছে ‘পদ্মাবত’। ছবি মুক্তির এক সপ্তাহের মধ্যেই দেড়শো কোটির বেশি ব্যবসা করে ফেলেছে ।
প্রশংসিত হয়েছে তার অভিনয় । এই ছবিতে অভিনয়ের জন্য তিনি ছবির দুই পুরুষ সহ-অভিনেতা শাহিদ কাপুর রণবীর সিংয়ের থেকে অনেক বেশি পারিশ্রমিক নিয়েছেন।
এবার বহু বিতর্কিত ঐতিহাসিক চরিত্র থেকে বেরিয়ে তিনি সোজা ঢুকে পড়লেন আন্ডারওয়ার্ল্ডে ।
ডেকান ক্রনিক্যাল সূত্রে খবর, বিশাল ভরদ্বাজের পরবর্তী ছবি ‘স্বপ্না দিদি’ ছবিতে দীপিকাকে দেখা যাবে মুম্বাইয়ের অন্ধকার জগতের প্রতিশোধপরায়ন এক নারী চরিত্রে ।
কে এই ‘স্বপ্না দিদি’?
মুম্বাইয়ের অন্ধকার জগতের ডন দাউদ ইব্রাহিমের ঘনিষ্ঠ এক সঙ্গী আশরাফ খানের স্ত্রী স্বপ্না । সেই সূত্রেই দাউদের সঙ্গে বেশ ভাল সম্পর্ক ছিল স্বপ্নার । কিন্তু মিথ্যা সংঘর্ষে স্বপ্নার স্বামীকে মেরে ফেলে দাউদ । তারপরই কুখ্যাত ডনকে মারার জন্য মরিয়া হয়ে ওঠে স্বপ্না ।
পুলিশের ইনফরমার হিসেবে কাজ শুরু করেন । পরবর্তীতে হাত মেলান হুসেদ উস্তারার সঙ্গে। অনেকদিন ধরে দাউদকে মারার চেষ্টায় ছিলেন হুসেদও।
শারজা ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ দেখার সময় ডনকে মেরে ফেলার পরিকল্পনা করে তারা। যদিও সে পরিকল্পনা ব্যর্থ হয়। এই পরিকল্পনা আগেভাগেই জেনে যায় দাউদ ।
এরপরই নির্মমভাবে খুন করা হয় স্বপ্নাকে । এখনও সেই নৃশংসতা আন্ডারওয়ার্ল্ডে উদাহরণ হয়ে আছে ।
চলচ্চিত্রটি নির্মিত হচ্ছে সাংবাদিক-লেখক হুসেইন জায়দির বই ‘মাফিয়া কুইন অব মুম্বাই’ অবলম্বনে ।
এরকম চরিত্র কেন বাছলেন দীপিকা?
তিনি জানান, প্রায় দু’বছর ধরে অনেকগুলি চিত্রনাট্য শুনেছেন তিনি। কিন্তু বিশাল ভরদ্বাজ যেভাবে এই চরিত্রকে সাজিয়েছেন সেটি ভীষণভাবে মনে ধরেছে তার।
ছবিটিতে দীপিকার বিপরীতে দেখা যাবে ইরফান খান’কে ।এর আগে ‘পিকু’ ছবিতে এই জুটির অভিনয় দাগ কেটেছিল দর্শক মনে । ছবিটি পরিচালনা করবেন হানি তেরহান ।
‘স্বপ্না দিদি’র জন্য ইতিমধ্যেই নিজেকে তৈরি করতে শুরু করেছেন দীপিকা। শিগ্গির ছবিটির শ্যুটিং শুরু হবে বলে জানা গেছে ।
