২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শুরু হলো ঢাকা আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব

‘ফ্রেমে ফ্রেমে আগামীর স্বপ্ন’ স্লোগান নিয়ে শনিবার থেকে শুরু হলো ১১তম আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2018, 04:57 PM

Updated : 08 Apr 2022, 05:48 PM

সপ্তাহব্যাপী উৎসবটি চলবে ২ ফেব্রুয়ারি পর্যন্ত। ৫৮টি দেশ থেকে অংশগ্রহণকারী শিশুদের জমা পড়া মোট ১০০০টি চলচ্চিত্র থেকে উৎসবে প্রদর্শিত হবে প্রায় ২২০টি চলচ্চিত্র।

শনিবার বিকেলে কেন্দ্রীয় গণগ্রন্থাগার চত্বর ও শওকত ওসমান মিলনায়তনে উৎসবের উদ্বোধন  করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, বৃটিশ কাউন্সিল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর বারবারা উইকহ্যামসহ আরও অনেকে।

উৎসব পরিচালক আবিদ ফেরদৌস মুখর বললেন, “জানুয়ারিতে সপ্তাহব্যাপী উৎসবটি করার পর আমরা ঢাকার বাইরে উৎসব করব। এবার বিভিন্ন ক্যাটাগরিতে চলচ্চিত্র জমা দেওয়ার শেষ তারিখ ছিল ৩০ নভেম্বর পর্যন্ত। আমরা বেশ সাড়া পেয়েছি। স্যোশাল ক্যাটাগরিতে এবার আমরা চলচ্চিত্রের বিষয় নির্ধারণ করেছি ‘নারীর প্রতি সংহিসতা’।”

উৎসবের মূল ভেন্যু নির্ধারিত হয়েছে পাবলিক লাইব্রেরির শওকত ওসমান মিলনায়তন। এছাড়াও ব্রিটিশ কাউন্সিল, গ্যাটে ইন্সটিটিউট, অলিয়ঁস ফ্রঁসেজ, বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও ড্যাফোডিল স্কুলে প্রদর্শিত হবে চলচ্চিত্রগুলো।

শিল্পের শক্তিশালী মাধ্যম চলচ্চিত্রকে শিশুদের শিক্ষা ও বিনোদনের অন্যতম অনুষঙ্গ হিসেবে গড়ে তুলতে ২০০৬ সালের ১৭ অগাস্ট প্রতিষ্ঠিত হয় চিলড্রেন ফিল্ম সোসাইটিজ বাংলাদেশ। সংগঠনটির উদ্যোগে প্রতিবছর শিশু চলচ্চিত্রের এ মিলনমেলা বসে।