৩২ দেশের অংশগ্রহণে ঢাকা আন্তর্জাতিক মোবাইল চলচ্চিত্র উৎসব
চতুর্থবারের মতো অনুষ্ঠিত হচ্ছে ঢাকা আন্তর্জাতিক মোবাইল চলচ্চিত্র উৎসব। সিনেমাস্কোপ আয়োজিত এ উৎসবে সারাবিশ্বের সব বিশ্ববিদ্যালয় থেকে চলচ্চিত্র জমা নেওয়া হয়।
শুধু প্রযুক্তিগুণসম্পন্ন ক্যামেরাই নয়, মোবাইলেও চলচ্চিত্র নির্মাণ সারাবিশ্বে জনপ্রিয় হয়ে উঠেছে।
এবারের ঢাকা আন্তর্জাতিক মোবাইল চলচ্চিত্র উৎসবে ৩২টি দেশের তরুণ নির্মাতারা চলচ্চিত্র জমা দিয়েছে। এতে প্রদর্শনীর জন্য ৯৫টি ও প্রতিযোগিতার জন্য ২০টি চলচ্চিত্র জমা পড়ে।
উৎসবের বিচারক হিসেবে এবার দায়িত্ব পালন করছেন চলচ্চিত্র চলচ্চিত্র নির্মাতা মতিন রহমান, লেখক-পরিচালক ও প্রযোজক প্রসূন রহমান এবং লেখক ও চলচ্চিত্র সমালোচক বিধান রিবেরু।
গত ২১ জানুয়ারি এ বিচারক প্যানেল চলচ্চিত্র উৎসবে প্রতিযোগিতার জন্য ৫টি চলচ্চিত্র নির্বাচিত করেছেন। এ ছাড়াও প্রাথমিকভাবে প্রদর্শনীর জন্য ৩০টি ছবি নির্বাচন করেছেন তারা।
উৎসব প্রসঙ্গে নির্মাতা প্রসূন রহমান গ্লিটজকে বলেন, “চতুর্থ বারের মতো আয়োজিত হচ্ছে এ উৎসব। প্রতিবাই অংশগ্রহনকারী বাড়ছে। প্রযুক্তির সহজলভ্যতা নির্মাতার সৃজনশীল স্বাধীনতাকে এগিয়ে নিচ্ছে সহজেই।
সৃজনশীলতার আনন্দ যেমন উদযাপন করার সুযোগ হবে, তেমনি হয়ে যাবে আর্ন্তজাতিক উৎসবে অংশগ্রহনের অভিজ্ঞতাও।”
প্রতিযোগিতার জন্য নির্বাচিত চলচ্চিত্রগুলি- কসভো থেকে কুস্ট্রিম আস্লানি পরিচালিত ‘দ্য গারবেজ’, ভারত থেকে সেন্থামিজহান অরুঞ্চালাম মঞ্জুলা পরিচালিত ‘ভিলাম্বল’এবং যাবিউল্লাহ শাহরানি পরিচালিত ‘জুলিয়া ২’, বাংলাদেশ থেকে মোঃ আল হাসিব খান পরিচালিত ‘দ্য বার্নিং ক্যানভাস’ এবং যুক্ত ফুয়াদ পরিচালিত ‘ইস ইট গুড টু রান অ্যাওয়ে’।
আগামী ১৭ ফেব্রুয়ারি ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) মিলনায়তনে উৎসবের প্রদর্শনী হবে।
ইভেন্ট পার্টনার হিসেবে আছে ইউল্যাবের মিডিয়া স্টাডিস অ্যান্ড জার্নালিজম ডিপার্টমেন্টের পি আর ফর ইউ, রেডিও কাম্পবাজ, ইউল্যাব টিভি ও ইউল্যাব অ্যানিমেশন স্টুডিও।
এছাড়া টিভি পার্টনার যমুনা টিভি, রেডিও পার্টনার স্বাধীন ৯২.৪ এফএম, অনলাইন নিউজ পার্টনার বাংলা ট্রিবিউন, ই-বার্তা২৪.কম ও বিডিমর্নিং।
