আরও দুই সিনেমা বিনিময়
দক্ষিণ এশিয়ার আঞ্চলিক মুক্তবাণিজ্য চুক্তির (সাফটা) আওতায় বাংলাদেশে এসেছে কলকাতার চলচ্চিত্র ‘জিও পাগলা’। বিপরীতে কলকাতায় মুক্তি পাচ্ছে ঢাকাইয়া সিনেমা ‘পুড়ে যায় মন’।
চলচ্চিত্রগুলো বিনিময় করছে খান এন্টারপ্রাইজ।
সুরিন্দার ফিল্মসের প্রযোজনা ও রবি কিনাগির পরিচালনায় ‘জিও পাগলা’ নামে চলচ্চিত্রটি ইতিমধ্যে সেন্সরবোর্ডে জমা পড়েছে বলে জানান সেন্সর বোর্ডের সচিব মুন্সী জালাল উদ্দিন।
তিনি শুক্রবার সন্ধ্যায় গ্লিটজকে বলেন, “শনিবার সিনেমাটি দেখা হবে। আনকাট থাকলে দুই-তিন দিনের মধ্যে সার্টিফিকেট দেওয়া হবে। সিনেমা নিয়ে যদি কোনো অবজার্ভেশন থাকলে সেটাও প্রক্রিয়ার মাধ্যমে জানানো হবে।”
চলতি বছরের ২০ অক্টোবর কমেডি ধাচের সিনেমাটি কলকাতায় মুক্তি পায়। এতে অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত, সোহম চক্রবর্তী, হিরণ চ্যাটার্জি, বনি সেনগুপ্ত, শ্রাবন্তী, পায়েল সরকার, কৌশানী মুখার্জী, ঋত্বিকা সেনসহ আরও অনেকে।
‘জিও পাগলা’র বিপরীতে কলকাতায় পাঠানো হয়েছে যুগল পরিচালক অপূর্ব-রানা পরিচালিত সিনেমা ‘পুড়ে যায় মন’। ছবিটি বাংলাদেশে মুক্তি পেয়েছিল ২০১৬ সালের ২৯ শে জানুয়ারি। এতে সায়মন সাদিকের বিপরীতে জুটি বাঁধেন পরীমনি।
সায়মন-পরী ছাড়া মিজু আহমেদ, আলীরাজ, শরীফ চৌধুরীসহ আরও অনেকে অভিনয় করেছেন।
