৩০ কন্ঠে জাতীয় সংগীত
দেশের বিভিন্ন প্রজন্মের নানান ধারার ৩০ জন শিল্পী কন্ঠ দিয়েছেন জাতীয় সংগীতে। নির্মাণ করা হয়েছে একটি নান্দনিক ভিডিও।
কথা ও সুর অবিকৃত রেখে এর সংগীতায়োজন করেছেন তরুণ সংগীত পরিচালক অদিত। জাতীয় সংগীতের এই নতুন অডিও এবং ভিডিওটি প্রকাশ পেয়েছে তার ইউটিউব চ্যানেলে।
গানটিতে কণ্ঠ দিয়েছেন বালাম, তাহসান, মুন, এলিটা, শুভ, জুলি, তৌফিক, ফারশিদ, জিবরান, মালা, জেফার, দোলা, নীলয়, ঋদি, আসিফ, নাবিল, সারাহ, ডোরা, শৌভিক, মাশা, তামিম, হাসিব, ফয়সাল, নাদিম, বাম্মী, নাজিয়া, মুনিম, অভিষেক, সাদী ও রাহুল।
সংগীত পরিচালক অদিত গ্লিটজকে বলেন, “জাতীয় সংগীত নিয়ে এর আগেও নানা রকমের প্রয়াস চোখে পড়েছে। এর ভেতর 'লাখো কন্ঠে জাতীয় সংগীত' আয়োজনটা বেশ ভাল ছিল। জাতীয় সংগীত নিয়ে একটা আলাদা উত্তেজনা প্রতিটা বাঙালির ভেতর আছে। এই সংগীত যখন শুনি তখন ভেতরে এক ধরণের শিহরণ কাজ করে। এত স্নিগ্ধ গানের কথাগুলো যা আপনাকে দিনের পর দিন মোহিত করে রাখতে পারে। সেই সম্মোহন থেকেই এই কাজটি করেছি।”
তিনি আরও বলেন, “গানটিতে হালকা সংগীতায়োজনের পাশাপাশি মুখ ও হাতের আওয়াজের ওপর (কাপেলো পদ্ধতি) সবাই গানটিতে কণ্ঠ দিয়েছেন। গানের শুরুতে কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন তৌফিক। আশা করি বাণিজ্যমুক্ত দেশপ্রেমের এই প্রয়াসটি সবার ভালো লাগবে।”
কথা হয় এই গানটির একজন শিল্পী অটামনাল মুনের সাথে। মুন গ্লিটজকে বলেন, “জাতীয় সংগীত আমার কাছে বেঁচে থাকার শ্লোকের মত। তাই যখন প্রস্তবাটি পাই সাথে সাথে রাজী হয়ে যাই। আমরা সবাই যথেস্ট ভালোলাগা নিয়ে টানা সাতদিন ধরে পুরো কাজটা শেষ করেছি।”
