পাঁচ মিনিটে পাঁচ কোটি ঘরে তুলবেন প্রিয়াঙ্কা
১৯ ডিসেম্বর মুম্বাইয়ের এক জনপ্রিয় পুরস্কার আসরে নাচবেন প্রিয়াঙ্কা চোপড়া। পাঁচ মিনিটের নাচের জন্য পাঁচ কোটি রুপি ঘরে তুলবেন এ সাবেক বিশ্বসুন্দরী!
মার্কিন টিভি সিরিজ ‘কোয়ান্টিকো’র শুটিং আপাতত শেষ। শিগগিরি ভারতে ফিরবেন ‘বাজিরাও মাস্তানী’ অভিনেত্রী। দেশে ফিরেই ব্যস্ত হয়ে পড়বেন তার নতুন সিনেমার কাজে।
এবারের ছুটিতে বলিউডের কোনো একটি সিনেমার জন্য চুক্তিবদ্ধ হতে পারেন ‘বেওয়াচ’ অভিনেত্রী- শোনা গেছে এমনটাই। তবে সিনেমায় চুক্তিবদ্ধ হওয়ার আগেই সম্পূর্ণ ভিন্ন কারণে খবরের শিরোনাম হলেন তিনি!
মিড-ডে জানায়, সম্প্রতি ভারতের একটি জনপ্রিয় পুরস্কার প্রদান অনুষ্ঠানে তার সাড়াজাগানো সিনেমার গানগুলো নিয়ে নাচ পরিবেশনের জন্য প্রস্তাব করা হয়েছে প্রিয়াঙ্কাকে।
অনুষ্ঠানের আয়োজক কর্তৃপক্ষের এক সদস্য বলেন, “চার থেকে পাঁচ মিনিটের একটি পরিবেশনার জন্য পাঁচ কোটি রুপি চেয়েছেন প্রিয়াঙ্কা। যেহেতু মঞ্চে আইটেম নাচে তার জুড়ি মেলা ভার। তাই তার এ দাবী মেনে নেওয়া ছাড়া কোনো উপায় ছিলো না আমাদের।” আর্ন্তজাতিক খ্যাতিই প্রিয়াঙ্কার এ হঠাৎ পারিশ্রমিক বাড়ার কারণ- এমনটাই মনে করছেন তিনি।
অনুষ্ঠানে প্রিয়াঙ্কা ছাড়া আরও অংশগ্রহণ করবেন বলিউড তারকা রণবীর সিং, শাহীদ কাপুর, ক্যাটরিনা কাইফ, সিদ্ধার্থ মালহোত্রা, জ্যাকুলিন ফার্নান্দেজ ও ভূমি পেড়নেকর।
সর্বশেষ ২০১৬ সালে ‘প্রডিউসার্স গিল্ড অ্যাওয়ার্ড’ মঞ্চ মাতিয়েছেন এশিয়ার সেরা আবেদনময়ী অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া।
