২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অন্তর্জালে জোভান-সাবিলার ‘পলায়ন বিদ্যা’

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে জুটি বাঁধলেন সাবিল নূর ও ফারহান আহমেদ জোভান।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2017, 09:12 PM

Updated : 19 Aug 2022, 06:00 PM

জুটিবদ্ধ হলেন হালের দুই জনপ্রিয় অভিনয়শিল্পী জোভান ও সাবিলা। একসঙ্গে বেশকিছু নাটকে জুটি বেঁধে অভিনয় করেছেন তারা। এবার এই দর্শকপ্রিয় জুটি এক হলেন ‘পলায়ন বিদ্যা’ নামের এক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে।

সাবিলা নূরের বিয়ের রাত। বাসা ভর্তি মানুষ। এর ফাঁকেই সাবিলা বউয়ের সাজ নিয়ে বেরিয়ে পড়েন রাস্তায়। কারণ নিচে সিএনজি নিয়ে অপেক্ষা করছে প্রেমিক জোভান। এভাবেই শুরু হয় জোভান-সাবিলার প্রেমময় ঘর পালানোর যাত্রা। যদিও সেই যাত্রা মধ্যপথে থমকে যায়! রাতের আঁধারে গল্প এগুতে থাকে নতুন মোড়ের দিকে। এমন গল্পে চলচ্চিত্র ‘পলায়ন বিদ্যা’ পরিচালনা করেছেন ইফতেখার আহমেদ ওশিন।

চলচ্চিত্রটি প্রসঙ্গে সাবিলা বললেন, “কাজটি করতে গিয়ে মনে হলো চরিত্রটি একেবারে আমার কথা ভেবেই তৈরি হয়েছে। ঘর পালানোর মধ্যে যে রোমাঞ্চকর অনুভুতি আছে সেটা এই কাজের মাধ্যমে আগাম জেনে রাখলাম!”

জোভান বলেন, “খুব সিম্পল এবং অসাধারণ একটা গল্প রয়েছে। সাবিলার সঙ্গে কাজ করার একটা মজাও আছে। ছবিটি দেখুন, গল্প বলে মজা নষ্ট করতে চাই না।”

রোববার (১৯ নভেম্বর) রাতে চলচ্চিত্রটি প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভি’র অফিশিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে।