মামলাকে ‘হাস্যকর’ বললেন শাকিব
‘রাজনীতি’ চলচ্চিত্রে মোবাইল নাম্বার ব্যবহার করার অভিযোগে চিত্রনায়ক শাকিব খানের বিরুদ্ধে মামলা ঠুকেছেন বানিয়াচংয়ের অটোরিকশাচালক এজাজুল। এ মামলাকে ‘হাস্যকর’ বলে অভিহিত করলেন শাকিব।
মামলার খবরটি দেশীয় গণমাধ্যমের বাইরে বিবিসিসহ একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমেও উঠে এসেছে।
বিষয়টি নিয়ে এবার মুখ খুললেন শাকিব খান। রাজধানীর রাজমনি ঈশা খাঁ হোটেলে শনিবার দুপুরে অনুষ্ঠিত ‘কার তুমি আমার’ শীর্ষক এক অনুষ্ঠানে সাংবাদিকদের এ সংক্রান্ত প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমি দেশের বাইরে থাকা অবস্থায় এ বিষয়ে কিছুটা শুনেছিলাম। এরপর বাইরের দেশের গণমাধ্যমেও সংবাদ হয়েছে সেখান থেকে জেনেছি। এটি আসলে একটি হাস্যকর মামলা যা নিয়ে বাইরের দেশের গণমাধ্যমেও সংবাদ হচ্ছে। আমি আইনের ছাত্র হলে হয়তো মামলাটি কোন গ্রাউন্ডে হয়েছে সেটা ভালো বলতে পারতাম।”
গত ২৯ অক্টোবর হবিগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম সম্পা জাহানের আদালতে করা মামলায় চিত্রনায়ক শাকিব খানসহ ‘রাজনীতি’ চলচ্চিত্রের পরিচালক বুলবুল বিশ্বাস ও প্রযোজক আশফাক আহমেদকেও আসামী করা হয়েছে।
রোজার ঈদে ২৬ জুন মুক্তি পাওয়া ‘রাজনীতি’ সিনেমার এক দৃশ্যে নায়ক শাকিব খান একটি মোবাইল ফোন নাম্বার দেন নায়িকা অপু বিশ্বাসকে। নাম্বারটি নিজের বলে অভিযোগ করেন এজাজুল।
তিনি বলেন, সিনেমায় ওই নাম্বার দেখানোর পর গত ১০ জুলাই থেকে ১৫ জুলাইয়ের মধ্যে তার ফোনে ৪৩২টি কল আসে। আর যারা ফোন করেছেন তাদের বেশিরভাগই শাকিবের নারী ভক্ত।
শাকিব খান ভেবে খুলনা থেকে এক গৃহকর্মী ইজাজুলের বানিয়াচং-এর বাড়িতেও চলে আসেন বলে এজাহারে বলা হয়।
দিন-রাত অনবরত মেয়েদের ফোন আসায় এক সন্তানের জনক ইজাজুলের স্ত্রী চটে আছেন বলে মামলায় বলা হয়। ইজাজুল বলছেন, এখন সংসার টিকিয়ে রাখতে হিমশিম খাচ্ছেন তিনি।
