২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লন্ডনে তিন প্রদর্শনীতে ‘নদ্দিউ নতিম’

লন্ডনে অনুষ্ঠিতব্য দুই বাংলার নাট্যোৎসব ‘সিজন অব বাংলা ড্রামা ২০১৭’-তে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছে ‘ম্যাড থেটার’।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2017, 06:13 PM

Updated : 25 Jul 2022, 09:06 PM

বাংলাদেশ ও পশ্চিম বাংলার বাইরে বাংলা নাটকের সবচেয়ে বড় আসর বসেছে লন্ডনে। লন্ডন বার অব টাওয়ার হ্যামলেটস আয়োজিত ‘সিজন অব বাংলা ড্রামা ২০১৭’ শিরোনামে ৩ নভেম্বর থেকে শুরু হয়েছে বাংলা নাটকের এই উৎসব, চলবে ২৬ নভেম্বর পর্যন্ত।

বিগত ১৪ বছর যাবৎ এই নাট্য উৎসব লন্ডনে বসবাসরত বাঙালিদের মধ্যে একটি সাংস্কৃতিক জাগরণ তৈরি করে এসেছে। এ বছর এই নাট্য উৎসব পালন করছে তাদের দেড় দশক পূর্তি।

এবারের উৎসবে বাংলাদেশ থেকে অংশ নিচ্ছে নাটকের নতুন দল ‘ম্যাড থেটার’। আগামী ১০ ও ১১ নভেম্বর ব্রাডি আর্টস সেন্টার লন্ডনে ম্যাড থেটার তাদের জনপ্রিয় প্রযোজনা ‘নদ্দিউ নতিম’ নাটকটির ৩টি প্রদর্শনী করবে। দলপ্রধান আসাদুল ইসলাম গ্লিটজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, “১০ ও ১১ নভেম্বর সন্ধ্যা সাড়ে সাতটায় দর্শকদের জন্য মঞ্চায়িত হবে ২টি প্রদর্শনী। আর ১০ তারিখ দুপুর ২টায় একটি বিশেষ প্রদর্শনী হবে লন্ডনের স্থানীয় গণ্যমান্য নাগরিক ও অতিথিদের জন্য। লন্ডনের এই ৩টি প্রদর্শনীর জন্য ম্যাড থেটার দেশ ছাড়বে আগামী ৭ নভেম্বর। দেশ ছাড়ার আগে দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করছি যাতে সফলভাবে প্রদর্শনীগুলি সমাপ্ত করে দর্শকদের বিমোহিত করতে পারি।”

কিংবদন্তি কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ‘কে কথা কয়’ উপন্যাস অবলম্বনে নাটকটি রচনা ও নির্দেশনা দিয়েছেন আসাদুল ইসলাম। অভিনয়ে মঞ্চে তার সহযোগী হয়েছেন সোনিয়া হাসান ও আর্য মেঘদূত।

নাটকটির সহযোগী নির্দেশক আনিসুল হক বরুণ, সেট ও লাইট ডিজাইন ফয়েজ জহির, পোশাক সোনিয়া হাসান, আবহসংগীত আর্য মেঘদূত, আলোক নিয়ন্ত্রণে গর্গ আমিন ও আবহসংগীত নিয়ন্ত্রণে রয়েছেন গিয়াস উদ্দীন আহাম্মদ, সোহেল খান ও আরিফ।