শহীদুজ্জামান সেলিমের ‘একঝাঁক মৃত জোনাকী’
‘একঝাঁক মৃত জোনাকী’ নামে নতুন একটি ধারাবাহিক নিয়ে আসছেন অভিনেতা-নির্মাতা শহীদুজ্জামান সেলিম। পরিচালনার পাশাপাশি নাটকটিতে অভিনয়ও করেছেন তিনি।
তার সঙ্গে নাটকটির বিভিন্ন পর্ব পরিচালনায় থাকছেন শাখাওয়াত শিবলী। রচনা করেছেন মনসুর রহমান চঞ্চল। বৃহস্পতিবার থেকে বাংলাভিশনে প্রচার শুরু হয়েছে। সপ্তাহে বৃহস্পতি থেকে শনিবার রাত ৮টা ১৫ মিনিটে প্রচার হবে।
নাটকের গল্প নিয়ে নির্মাতা শহীদুজ্জামান সেলিম বললেন, “আমরা শহরবাসী যতই নিজেদের প্রগতিশীল এবং স্বাধীনচেতা মনে করি না কেন দিন শেষে যার যার গন্ডির মধ্যে আবদ্ধ সবাই। কথায় আছে মানুষ যতই উচ্চ শিখরে উঠে ততই একা হয়ে যায়।
চারপাশের সামাজিক সম্পর্কগুলো থেকে ক্রমেই দূরে সরে যায়। আর অঘোষিতভাবে অনেকটা একাকী একঘেয়ে জীবনে প্রবেশ করে। যদিও বাইরে থেকে মনে হতে পারে শহুরে মানুষের জীবন কতই আনন্দময়, বৈচিত্রময় আর সুখে ঘেরা।”
নাটকটিতে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, অপূর্ব, মম, রাইসুল ইসলাম আসাদ, শম্পা রেজা, মৌটুসী বিশ্বাস, শ্যামল মাওলা, উর্মিলা, স্নিগ্ধা মোমিন, ইরফান সাজ্জাদ প্রমুখ।
