২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লোকসঙ্গীতের মূর্ছনায় আবার মাতবে ঢাকা

আটটি দেশের লোকসঙ্গীত শিল্পীদের নিয়ে আগামী ৯ নভেম্বর থেকে ঢাকায় শুরু হচ্ছে তিন দিনব্যাপী আন্তর্জাতিক লোকসঙ্গীত উৎসব।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2017, 08:11 PM

Updated : 19 Aug 2022, 05:51 PM

তৃতীয়বারের মতো আয়োজিত এ উৎসবে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, ইরান, ব্রাজিল, মালি, অস্ট্রেলিয়া, ফ্রান্স ও জাপানের প্রায় ১৪০ শিল্পী অংশ নেবেন। সঙ্গে লোকজ বাদ্যযন্ত্রের ধুন আর নৃত্য পরিবেশনা তো থাকছেই।

ঢাকার আর্মি স্টেডিয়ামে সান কমিউনিকেশনস লিমিটেড আয়োজিত এই উৎসবে প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত দেড়টা অবধি মঞ্চ মাতাবেন শিল্পীরা।

রোববার ঢাকার ওয়েস্টিন হোটেলে এক সংবাদ সম্মেলনে আয়োজনের বিস্তারিত তুলে ধরেন সান কমিউনিকেশনস লিমিটেড ও মাছরাঙা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী।

এবারের উৎসবে বাংলাদেশের শিল্পীদের মধ্যে থাকবেন শাহজাহান মুন্সি, আরিফ দেওয়ান, ফকির শাহাবুদ্দিন, শাহনাজ বেলী, শাহ আলম সরকার, আলেয়া বেগম, বাউলা। এছাড়া থাকবে মাছরাঙা টেলিভিশনের লোকসঙ্গীত বিষয়ক রিয়ালিটি শো ম্যাজিক বাউলিয়ানার শিল্পীদের পরিবেশনা।

এবারের উৎসবে যোগ দিতে ভারত থেকে আসবেন পাপন, নুরান সিস্টার্স, বাসুদেব দাস বাউল, মালি থেকে আসবে গ্র্যামি অ্যাওয়ার্ড বিজয়ী তিনারিওয়েন ব্যান্ড।

পাকিস্তানের মিকাল হাসান ব্যান্ড, নেপালের কুটুম্বা, তিব্বতের ফোক শিল্পী তেনজিন চোয়েগালের পাশাপাশি আসর মাতাবেন ইরানের রাস্তাক, ব্রাজিলের মোরিসিও টিযুমারা।

অঞ্জন চৌধুরী জানান, এবারের আসরে জনপ্রিয় লোকসঙ্গীত শিল্পীদের চেয়ে গ্রামবাংলার লোকগানের সাধকদের তুলে আনতেই গুরুত্বারোপ করা হচ্ছে।

“খুব পরিচিত শিল্পীদের চেয়ে আমরা এবার এমন সব গুণী শিল্পীদের আমন্ত্রণ জানিয়েছি, যাদের কথা খুব বেশি জানি না। অথচ তারা দীর্ঘদিন ধরে লোকগানকে সমৃদ্ধ করে আসছেন। লোকসঙ্গীতের এই আসরে তাদের সুযোগ করে দিয়ে তাদের কথা আমরা তুলে ধরতে চাই। সম্মান জানাতে চাই তাদের।”

উৎসব উপভোগ করতে বরাবরের মতো এবারও www.dhakainternationalfolkfest.com- ওয়েবসাইটে গিয়ে নিবন্ধন করতে হবে। নিবন্ধনের জন্য কোনো ফি লাগবে না। ১ নভেম্বর থেকে নিবন্ধন শুরু হয়ে চলবে ৫ নভেম্বর পর্যন্ত।

নিবন্ধনের জন্য জাতীয় পরিচয়পত্র, পাসপোর্টের নম্বর বা স্কুল-কলেজের পরিচয়পত্র লাগবে। নিবন্ধন সফল হলে পরবর্তী নির্দেশনা অনুযায়ী এন্ট্রি পাস প্রিন্ট করতে হবে।

এন্ট্রি পাসের ক্ষেত্রে নিয়ম বদলে যাচ্ছে এবার। গেল দুইবারের আসরে একটি এন্ট্রি পাস দিয়ে প্রতিদিন আসরে প্রবেশ করা গেলেও এবার তা হচ্ছে না। নিবন্ধনের পর তিনটি আলাদা এন্ট্রি পাস নিবন্ধনকারীর মেইলে পাঠানো হবে। প্রতিদিনের জন্য আলাদা এন্ট্রি পাস প্রদর্শন করতে হবে। 

নিরাপত্তার স্বার্থে মোবাইল ফোনে ওটিপি ভেরিফিকেশনের মাধ্যমে এবারের নিবন্ধন করতে হবে। প্রতিটি মোবাইল নম্বর থেকে একটি করে নিবন্ধন করা যাবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সৈয়দ মাহবুবুর রহমান, ইস্পাহানি গ্রুপের পরিচালক এমাদ ইস্পাহানি, গ্রিন ডেল্টা ইনস্যুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফারজানা চৌধুরী।