ঢাকায় এলেন শাবানা আজমি ও জাভেদ আখতার
পিতা উর্দু কবি কাইফি আজমি’র জীবনী নির্ভর মঞ্চনাটক ‘কাইফি আওর ম্যায়’ মঞ্চস্থ করতে বাংলাদেশে এলেন ভারতের বিখ্যাত অভিনেত্রী শাবানা আজমি। নাটকে তার সঙ্গে মঞ্চে থাকছেন তার স্বামী, গীতিকার ও কবি জাভেদ আখতার।
আজ বুধবার সন্ধ্যায় রাজধানীর খামারবাড়ি এলাকার কৃষিবিদ কমপ্লেক্স অডিটোরিয়ামে সন্ধ্যা ৭টায় মঞ্চস্থ হবে নাটকটি।
বিষয়টি গ্লিটজকে নিশ্চিত করে ব্লুজ কমিউনিকেশন্সের ব্যবস্থাপনা পরিচালক ফরহাদুল ইসলাম বলেন, “আজ দুপুর ১২টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছন শাবানা আজমি ও জাভেদ আখতার। আমাদের সব প্রস্তুতি সম্পন্ন। টিকিট বিক্রিও শেষ। আশা করছি সুষ্ঠুভাবে অনুষ্ঠানটি সম্পন্ন করতে পারব।”
গত ২১ এপ্রিল ভারতের আরেক বিখ্যাত অভিনেতা নাসির উদ্দিন শাহ’র ‘ইসমত আপা কে নাম’ নাটকটি মঞ্চায়নের পর ফের এ ধরনের আয়োজন করছে ব্লুজ কম্যুনিকেশন।
‘কাইফি আওর ম্যায়’ নাটকটি নিয়ে দেশ বিদেশ ঘুরেছেন শাবানা আজমি। কবি কাইফি আজমি’র সাক্ষাৎকার ও লেখা থেকে শওকত কাইফির বই ‘ইয়াদ কি রেহগুজার’ গ্রন্থ থেকে নাটকটি রচনা করেছেন জাভেদ আখতার। মঞ্চে জাভেদ আখতার ও শাবানা আজমি’র হৃদয়স্পর্শী কথোপথনের ভেতর দিয়ে এগোয় নাটকটির গল্প।
শাবানা আজমি-জাভেদ আখতারের সঙ্গে এ আয়োজনে সংগীত পরিবেশন করবেন গজল সম্রাট জসিন্দর সিং।
