২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গানে ফিরছেন সুমন

দীর্ঘদিন ধরে অসুস্থ থাকা দেশের জনপ্রিয় ব্যান্ডসংগীত শিল্পী বেজবাবা সুমন ফের গানে ফিরছেন।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2017, 06:01 PM

Updated : 12 Apr 2022, 12:35 AM

১ নভেম্বর সুমনের ব্যান্ডদল অর্থহীন সিডনি যাচ্ছে। সেখানে কনসার্ট করবে তারা। সেখানে সুমন গাইবেন ও বাজাবেন। এই কনসার্টে দেশ থেকে আরও অংশ নিচ্ছেন জেমস, অনন্ত জলিল, ডিজে রাহাতসহ আরও অনেকে।

ক্যন্সারের সঙ্গে দীর্ঘদিন ধরে লড়ছেন সুমন। শরীরে একের পর এক অস্ত্রোপচারের পরও গান আর গিটার ছাড়েন নি। ক্যান্সারের সঙ্গে লড়াই থামতে না থামতেই গত ১৭ জুন ব্যাংককে মারাত্মক সড়ক দুর্ঘটনার কবলে পড়েছিলেন তিনি। এই দুর্ঘটনায় এই গায়কের মুখের চোয়াল ভেঙে যায় ও কানের এক অংশ বিচ্ছিন্ন হয়ে যায়। স্থানীয়রা দ্রুত তাকে পাশের হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার দেহে ১১ ঘণ্টা অস্ত্রোপচার করা হয়।

প্রাণে বেঁচে গেলেও দীর্ঘদিন চিকিৎসা গ্রহণের পর গতমাসে ফের তার মেরুদণ্ডে ফাটল খুঁজে পান চিকিৎসকরা। গতমাসে টানা অস্ত্রোপচারের পর ৮টি স্ক্রু লাগানো হয়েছে তার তার মেরুদণ্ডে।

সুমন বললেন, “অসুস্থ ছিলাম। সিঙ্গাপুর এবং ব্যাংককে যেতে হয়েছিলো। অনেকগুলো টেস্টের পর ডাক্তার আমার স্পাইনে আরেকটি ফাটল খুঁজে পায়। ২২ সেপ্টেম্বর আমার সার্জারি হয়। ডাক্তার আমার স্পাইনে ৮টি স্ক্রু লাগিয়েছে। আমার স্পাইনে এখন মোট ১১টি স্ক্রু!”

অপারেশনের পরও বিপদমুক্ত হননি তিনি। সুমন বলেন, “সার্জারির সময় আমার কার্ডিয়াক অ্যাটাক হয়। সার্জারির দুই ঘণ্টা পর আমার লাং কলাপ্স করে। ৩০ ঘণ্টা পর আমাকে আইসিইউ থেকে ওয়ার্ডে আনা হয়।”

মাসখানেক বিরতির পর সুমন এখন কিছুটা সুস্থ। ফের গানে ফিরছেন তিনি। সোমবার ফেইসবুকে এসে লিখলেন, “এখনো মরি নাই। নভেম্বর থেকে অর্থহীন নিয়মিত কনসার্ট করবে। এই ব্যাপারটা সবাইকে জানানো দরকার। আমি এখন অনেকটা সুস্থ।”