শরণার্থী ক্যাম্পে ‘রোহিঙ্গা’ সিনেমার শুটিং
২৫ সেপ্টেম্বর থেকে নির্মাণ শুরু হলো ‘রোহিঙ্গা’ চলচ্চিত্রের। রোহিঙ্গাদের নিয়ে ছবিটি তৈরি করছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা অহিদুজ্জামান ডায়মন্ড।
সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া বিশ্বের অন্যতম আলোচিত ‘রোহিঙ্গা সংকট’ নিয়ে প্রথমবারের মতো নির্মিত হতে চলেছে চলচ্চিত্র। টানা তিনদিন ধরে উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প ও এর আশেপাশের বিভিন্ন স্পটে চলেছে ‘রোহিঙ্গা’ সিনেমার দৃশ্যধারণের কাজ। শুটিং হয়েছে নাফ-নদী, শাহপরী দ্বীপসহ দুর্গম পাহাড়ী অঞ্চলে।
গ্লিটজ’কে দেওয়া সাক্ষাতকারে নির্মাতা বলেন, “টানা তিনদিন ধরে শুটিং করে আমরা ক্লান্ত। সিনেমার জন্য যে রোহিঙ্গা শরণার্থীদের দেখানোর কথা ছিলো তা এখন বাস্তবেই বিদ্যমান। আমরা তাই শরণার্থীদের ভিতরে ঢুকে পড়েছি।”
চলচ্চিত্রটিতে রোহিঙ্গা তরুণীর চরিত্রে অভিনয় করছেন আরশি। এর বাইরে আর কারা এতে অভিনয় করছে তা নিয়ে মুখ খোলেননি নির্মাতা। ছবিটি প্রযোজনা করছেন শবনম শেহনাজ চৌধুরী।
