শ্যামলীতে ‘আয়নাবাজি’র বিশেষ প্রদর্শনী
গতবছর ৩০ সেপ্টেম্বর মুক্তি পায় চলচ্চিত্র ‘আয়নাবাজি’। মুক্তির দিনটিকে স্মরণীয় করে রাখতে ‘আয়নাবাজি’ ছবিটি আবারও প্রদর্শনের সিদ্ধান্ত নিয়েছে শ্যামলী সিনেমা হল কর্তৃপক্ষ।
২০১৬ সালে মুক্তির পরপরই সারাদেশে আলোড়ন তোলে অমিতাভ রেজা পরিচালিত ‘আয়নাবাজি’। ব্যবসায়িকভাবে সফল এ ছবি মুক্তির এক বছর পূর্তি হতে যাচ্ছে আর ক’দিন পরই। ৩০ সেপ্টেম্বর দুপুর ১২টায় আয়নাবাজি’র স্পেশাল শো এর টিকেট পাওয়া যাবে তার আগের দিন শ্যামলী হলেই। দর্শকের পাশাপাশি আয়নাবাজির নায়ক, নির্মাতা ও কলাকুশলীরা এতে অংশ নেবেন।
বাংলাদেশের গত কয়েক দশকের সবচেয়ে সফল ছবির তালিকায় উঠে এসেছে ‘আয়নাবাজি’র নাম। মুক্তির আগে থেকেই দেশে ও বিদেশে আলোচিত চলচ্চিত্রটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হয় যুক্তরাষ্ট্রের সিয়াটলে, ইউরোপিয়ান প্রিমিয়ার হয় ম্যানহাইম-হাইডেলর্বাগে এবং ইন্ডিয়ান প্রিমিয়ার গোয়া ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে। এভাবেই বিশ্বের বিভিন্ন নামি-দামি চলচ্চিত্র উৎসবে প্রশংসা কুড়ায় ছবিটি। এছাড়াও যুক্তরাষ্ট্রের সাউথ এশিয়ান চলচ্চিত্র উৎসবে সেরা ন্যারেটিভ ফিল্ম হিসেবে বিবেচিত হয় এটি।
এ প্রসঙ্গে ‘আয়নাবাজি’ নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী বলেন, “আয়নাবাজি দেশের জন্য একটা দৃষ্টান্ত এবং চলচ্চিত্র ইতিহাসে একটি অন্যতম মাইলফলক। যদিও টেলিভিশনে সম্প্রচারিত হয়েছে তবুও দর্শককে হলমুখী করার প্রয়াসে আবারও সিনেমা হলে ইংরেজি সাবটাইটেলসহ আসছে আপনাদের প্রিয় ‘আয়নাবাজি’। দর্শকদের আরও একবার বড় পর্দায় সিনেমাটি দেখার সুযোগ করে দেয়ার জন্য শ্যামলী হলের কাছে আমরা কৃতজ্ঞ। আমি মনে করি হল কতৃপক্ষের এ ধরণের উদ্যোগ আমাদের নতুন সিনেমা বানাতে অনুপ্রেরণা জোগাবে।
ছবিটির প্রযোজক জিয়া উদ্দিন আদিল বলেন, “চলচ্চিত্রটি সকল দর্শক ভালোবাসায় বরণ করে নিয়েছে। তারই প্রতিফলন হচ্ছে সিনেমা হল কতৃপক্ষের এ ধরণের মহৎ উদ্যোগ। প্রাণবন্ত এই চলচ্চিত্রটি আবারও দেখার সুযোগ করে দেওয়ার জন্য হল মালিক কতৃপক্ষের কাছে আমরা কৃতজ্ঞ।”
