২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘অনেকেই বলেছিলেন ইন্ড্রাস্ট্রিতে তিন মাসের বেশি টিকতে পারবো না’

চলতি বছর সংগীত জীবনের ২৫ বছর পূর্ণ করেছেন উপমহাদেশের অন্যতম সেরা সংগীতশিল্পী ও সুরকার এ আর রহমান। সম্প্রতি এক সাক্ষাতকারে তিনি জানালেন সংগীত ক্যারিয়ার নিয়ে তার সংগ্রামের কথা।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2017, 08:03 PM

Updated : 19 Aug 2022, 05:30 PM

১৯৯২ সালে মনি রত্নমের ‘রোজা’ সিনেমা দিয়ে বলিউডে প্রবেশ করেন এ আর রহমান। প্রথম সিনেমাতেই বাজিমাৎ করেন এ প্রতিাভান তরুণ সংগীতশিল্পী। এ সিনেমার জন্য সেরা সংগীত পরিচালক হিসেবে জিতে নেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

ব্যতিক্রমধর্মী সুর ও সংগীতের জন্য প্রশংসার পাশাপাশি সমালোচিতও হয়েছে তিনি। চলতি বছর নিউইয়র্কে অনুষ্ঠিত কনসার্টে তামিল গান বেশি গাওয়ায় দর্শকের তোপের মুখেও পড়েছিলেন তিনি।

ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, গণমাধ্যমকে দেওয়া সাক্ষাতকারে অস্কারজয়ী এ সংগীত পরিচালক বলেন, “আমার করা গান ও সুর নিয়ে বরাবরই মিশ্র প্রতিক্রিয়া পেয়েছি। যখন ‘রোজা’ সিনেমার জন্য সংগীতায়োজন করি, তখন অনেকেই বলেছিলেন, ইন্ড্রাস্ট্রিতে তিন মাসের বেশি টিকতে পারবো না। এরপর তো ‘বোম্বে’, ‘রকস্টার’, ‘স্লামডগ মিলিওনিয়ার’, ‘মম’ সহ অনেক সিনেমাতেই কাজ করেছি। আমার কাজ নিয়ে প্রশংসা বা নিন্দা যেটাই হোক, দু’টোই সমানভাবে গ্রহণ করি। আমি আমার কাজে কতটা সৎ সেটাই গুরুত্বপূর্ণ বিষয়।”

মিউজিক্যাল সিনেমা নিয়ে আগ্রহের কথা জানিয়ে তিনি বলেন, “হলিউডে এ ধরণের ফিল্ম বেশ জনপ্রিয়। ‘দ্য ফ্যান্টম অফ দ্য অপেরা’ এমনই একটা সিনেমা। অ্যান্ড্রু লয়েড ওয়েবারের এ সিনেমায় কাজ করে ভালো লেগেছে। বলিউডে যদি এমন সিনেমা তৈরি হতো তবে সংগীত নিয়ে আরও বড় পরিসরে কাজ করা যেত।”

৮ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে তার কনসার্টের গল্প ও গান নিয়ে তৈরি সংগীত অ্যালবাম ‘ওয়ান হার্ট: দ্য এ আর রাহমান কনসার্ট ফিল্ম’। কানাডিয়ান কোম্পানি ‘আইডিয়াল এন্টারটেইনমেন্ট’এর ব্যনারে মুক্তি প্রতীক্ষিত এ অ্যালবামে স্থান পেয়েছে এ আর রহমানের সংগীত পরিচালনায় ‘নাইনটি নাইন সংস’, ‘লে মাস্ক’ ও ‘ওয়ান হার্ট’ সিনেমার গানগুলো।