অভিনব বিন্দ্রার চরিত্রে হর্ষবর্ধন কাপুর
ভারতের সোনাজয়ী অলিম্পিয়ান শুটার অভিনব বিন্দ্রার জীবনীমূলক সিনেমায় অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন হর্ষবর্ধন কাপুর।
টুইটারে অভিনব বিন্দ্রার সঙ্গে একটি সেলফি প্রকাশ করে নিজেই খবরটি জানিয়েছেন হর্ষবর্ধন।
তিনি জানিয়েছেন, “শুরুটা সবসময়ই বিশেষ। বিশেষ করে এমন কোনো চরিত্রের জন্য যখন আপনি ডাক পান, যিনি বিশ্বমঞ্চে দেশের মুখ উজ্জ্বল করেছেন। আমি অভিনব বিন্দ্রার চরিত্রে অভিনয়ের জন্য নির্বাচিত কয়ে খুবই আনন্দিত।”
তিনি আরও লিখেন, “আশা করি এই কিংবদন্তির প্রতি সুবিচার করতে পারবো। কারণ এই মানুষটাই বলেছিলেন, পরিশ্রমই মেধা।”
২০০৮এর বেইজিং অলিম্পিকে প্রথমবারের মতো ১০ মিটার এয়ার রাইফেলে সোনা জয় করেন অভিনব বিন্দ্রা । এছাড়াও দেশের হয়ে বিভিন্ন আন্তর্জাতিক আসরে আরও পাঁচবার শুটিঙে সোনা জিতেছেন তিনি।
ভারতের সর্বোচ্চ ক্রীড়া পুরস্কার খেলরত্নজয়ী এই শুটার একজন সফল ব্যবসায়ীও। যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ কলোরাডো থেকে পড়াশোনা করা বিন্দ্রার রয়েছে অভিনব ফিউচারিস্টিকস নামের একটি ব্যবসা প্রতিষ্ঠান।
অনিল কাপুরের একমাত্র পুত্র হর্ষবর্ধন কাপুর তার বোন সোনমের মতোই বলিউডে গড়তে চাইছেন তার শক্ত অবস্থান। ২০১৬তে রাকেশ ওম প্রকাশ মেহরার ‘মির্জেয়া’ সিনেমার মাধ্যমে হিন্দি ছবিতে অভিষেক ঘটে তার।
