২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘ট্রু ডিটেকটিভ’-এর তৃতীয় কিস্তিতে মাহেরশালা আলি

এইচবিও-র দর্শকনন্দিত ক্রাইম ড্রামা সিরিজ ‘ট্রু ডিটেকটিভ’-এর তৃতীয় সিজনে অভিনয় করবেন মাহেরশালা আলি।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2017, 08:19 PM

Updated : 11 Oct 2022, 02:28 PM

সম্প্রতি ভক্তদের জন্য ঘোষণাটি দিয়েছেন সিরিজটির রচয়িতা নিক পিজ্জোলাটো।

তিনি বলেন, “আমি সত্যিই উচ্ছ্বসিত মাহেরশালা আলি এবং জেরেমি সলনিয়ার-এর মাপের অভিনেতাদের নিয়ে কাজ করার সুযোগ পেয়ে। আশা করি আমাদের গল্প তাদের মতো প্রতিভাকে কাজে লাগাতে পারবে। আমরা সবাই মুখিয়ে আছি গল্পটি বলার জন্য।”

চলতি বছরের অস্কারে ‘মুনলাইট’ সিনেমার জন্য পার্শ্ব চরিত্রে সেরা অভিনেতার অস্কার জেতেন মাহেরশালা আলি।

২০১৪ সালে শুরু হওয়া ক্রাইম ড্রামা সিরিজ ‘ট্রু ডিটেকটিভ’-এর প্রথম সিজনে অভিনয় করেন ম্যাথু ম্যাকনয়ি এবং উডি হ্যারেলসন। দর্শকদের পাশাপাশি সমালোচকদের কাছ থেকেও উচ্চ প্রশংসা পায় প্রথম সিজনটি।

প্রথম মৌসুমের সাফল্যে ভর করে সিরিজটির দ্বিতীয় মৌসুম প্রচারিত হয় ২০১৫ সালে। এতে অভিনয় করেন কলিন ফ্যারেল এবং র‌্যাচেল ম্যাকঅ্যাডামস। কিন্তু প্রথমবারের মতো সাফল্য পায়নি দ্বিতীয়টি; উল্টো সমালোচিত হতে হয় দুর্বল কাহিনির জন্য।