২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘ধর্ষকগুরু’ গুরমিত সিং’য়ের ভক্তদের তান্ডবে ক্ষুব্ধ বলিউড

ধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত হওয় ভারতীয় ধর্মগুরু গুরমিত সিং-এর মামলার রায় ঘোষণার পর উত্তর ভারতে ছড়িয়ে পড়া সহিংসতায় এখনও পর্যন্ত নিহত হয়েছেন ৩০ জন। ধর্ষক ও ভন্ড এ ধর্মগুরুর ভক্তদের সহিংস কর্মকান্ডে ক্ষোভ প্রকাশ করেছেন বলিউডি তারকারা।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2017, 08:19 PM

Updated : 19 Aug 2022, 05:22 PM

ভারতের ধর্মীয় সংগঠন ‘ডেরা সাচ্চা সওদা’র প্রধান গুরমিত সিং ওরফে গুরমিত রাম রহিম ইনসানের নামে ১০ বছর আগে ধর্ষণের অভিযোগ তোলেন তারই দুই নারী ভক্ত। নিজ আশ্রমে তাদের ধর্ষণ করেছেন এ ভন্ড গুরু- অভিযোগে বলা হয়েছিলো এমনটাই।

এবারে ভারতের হরিয়ানা রাজ্যের পাঁচকুলা আদালতের রায়ে দোষী প্রমাণিত হন গুরমিত। রায় প্রকাশের পর থেকেই ভারতের বিভিন্ন অংশে সহিংসতা চালিয়েছে গুরমতের ভক্তরা। এতে নিহত হয়েছে প্রায় ৩০ জন, আহত হয়েছে আড়াই হাজারের বেশি।

২০১৫ সালে ‘এমএসজি: দ্য ম্যাসেঞ্জার অফ গড এক ও দুই’ নামের দুটি সিনেমা পরিচালনা করেন গুরমিত। এছাড়াও ‘এমজিএস দ্য ওয়ারিয়র লায়ন হার্ট’ ও ‘জাত্তু ইঞ্জিনিয়িার’ নামের দুটি সিনেমার চিত্রনাট্য রচনা, পরিচালনা ও অভিনয় করতে দেখা গেছে তাকে। এছাড়া ‘চশমা ইয়ার কা’, ‘নেটওয়ার্ক তেরা লাভ কা’ ও ‘ইনসান’ শিরোনামের বেশ কয়েকটি একক সংগীত অ্যালবাম প্রকাশ করেছেন তিনি। ধর্ম ব্যবসা ও প্রতারণার মাধ্যমে ভারতের অন্যতম ধনী ও প্রভাবশালী ব্যক্তিত্বে পরিণত হন তিনি।

 

গুরমিত সিংয়ের ভক্তদের এ তান্ডবকে ‘মুর্খতা’ ও ‘অন্ধ বিশ্বাস’ অ্যাখ্যা দিয়ে টুইটারে বর্ষীয়ান অভিনেতা ঋষি কাপুর লিখেছেন, “এ ধরণের ভন্ড ও প্রতারক ধর্মগুরুদের আসর চেহারা বেড়িয়ে এসেছে। ডেরা সাচ্চা সওদা’র সমস্ত সম্পত্তি বিক্রি করে জনগণকে ক্ষতিপূরণ দেওয়া উচিৎ সরকারের।”

 

নির্মাতা ও অভিনেতা ফারহান আখতার দীর্ঘ লিখেছেন, “যারা সহিংসতা ছড়াচ্ছেন, দয়া করে এক মুহূর্তের জন্য ভাবুন, যারা ধর্ষিত হয়েছেন, তাদের উপর দিয়ে কী ঝড় বইছে এখন। দয়া করে সহিংসতা বন্ধ করুন এবং পুলিশকে পরিস্থিতি সামলাতে দিন।

 

অভিনেতা অনুপম খের লিখেছেন, “ধর্মের নামে ভক্তদের সহিংসতাই শিখিয়েছেন ‘ধর্ষকগুরু’ গুরমিত সিং। সরকারের উচিৎ সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা।”

 

বলিউড অভিনেত্রী টুইঙ্কেল খান্না লিখেছেন, “আমাদের ভন্ড গুরুরা ধর্মের নামে সাধারণ মানুষকে অন্ধ বানিয়ে রাখছেন আর আমরা বোকা সূর্যমুখীর মতো তাদেরকেই সূর্য ভেবে তাদের আরাধনা করছি। বুঝতেও পারছিনা, তাদের ওই জ্যোতি আসলে সস্তা ভোজবাজি ছাড়া কিছুই নয়।”

অভিনেতা বীর দাশ লিখেছেন, “আশা করি তার অনেক বড় শাস্তি হোক। জেলে পঁচে মরুক এমন ভন্ড সাধুরা আর তাদের ভক্তদের বোধোদয় হোক।”