নায়করাজ রাজ্জাকের প্রয়াণে টালিগঞ্জের শোক
নায়করাজ রাজ্জাকের প্রয়াণে দেশজুড়ে ছড়িয়ে পড়েছে শোকবার্তা। দেশের গণ্ডি পেরিয়ে টালিগঞ্জও শ্রদ্ধাভরে স্মরণ করেছেন নায়করাজকে।
নায়করাজের মৃত্যুর খবর শুনেই শোক প্রকাশ করেছেন কলকাতার জনপ্রিয় দুই তারকা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও ঋতুপর্ণা সেনগুপ্ত।
প্রসেনজিৎ ফেইসবুক স্ট্যাটাসে লিখেছেন, “উনি আমার বাবার মতো। আগেও যেমন ছিলেন, এখনো থাকবেন। উনার সঙ্গে বেশ ক’টি চলচ্চিত্রে অভিনয় করেছি। তাঁর আকস্মিক মৃত্যু কেবল ফিল্ম ইন্ডাস্ট্রিকেই নয়, আমাকেও ব্যথিত করেছে। উনার মৃত্যুর খবর শুনে খুব কষ্ট পাচ্ছি। শান্তিতে থাকবেন রাজ্জাক সাহেব।”
প্রিয় নায়কের মৃত্যুর খবর শুনে বাকরুদ্ধ ঋতুপর্ণা।
ফেইসবুকে জানালেন, “রাজ্জাক স্যারের মৃত্যুর খবর আমাকে ব্যথিত করেছে। কষ্টে কিছু লিখতে পারছি না।”
নায়করাজের সঙ্গে তাদের সম্পর্কটা বেশ পুরনো। কিংবদন্তি এই অভিনেতার সঙ্গে কাজ করেছেন তারা। রাজ্জাক পরিচালিত ‘বাবা কেন চাকর’- বাংলাদেশে ধুন্ধুমার ব্যবসা করার পর সেটিও একই নামে কলকাতাতেও নির্মাণ করা হয়। সেখানে রাজ্জাকের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন ঋতুপর্ণা-প্রসেনজিৎ জুটি। ছবিটি দু’জনকেই আলাদা পরিচিতি এনে দিয়েছিল।
