২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘ঢাকা অ্যাটাক’পোস্টারে এলেন শুভ-মাহি

আগামী ৬ অক্টোবর মুক্তি পেতে যাচ্ছে বহুল আলোচিত চলচ্চিত্র ‘ঢাকা অ্যাটাক’। শনিবার মুক্তি পেলো চলচ্চিত্রটির পোস্টার। অক্টোবর থেকে ছবির প্রচারণায় বিশ্বভ্রমণে যাচ্ছেন নায়ক-নায়িকা ও নির্মাতা।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2017, 05:47 PM

Updated : 12 Apr 2022, 12:05 AM

ছবিটি মুক্তির পরিকল্পনায় শুধু দেশ নয় রয়েছে বিশ্বের বেশ কয়েকটি দেশ। ইতমধ্যেই সেসব দেশে মুক্তিও নিশ্চিত হয়েছে। শুভ-মাহি অভিনীত চলচ্চিত্রটি মুক্তি পাবে বাংলাদেশ, মধ্যপ্রাচ্য, কানাডা, যুক্তরাষ্ট্র, ইউরোপ, মালয়েশিয়া, অষ্ট্রেলিয়া, নিউজিল্যান্ডসহ বিশ্বের আরও বেশ কয়েকটি দেশে।

এ উপলক্ষে শনিবার থেকে শুরু হলো চলচ্চিত্রটির প্রচারণার কাজ। গণসংযোগ, ডিজিটাল মিডিয়া, রেডিও-টিভি, পোস্টার, ব্যানার-বিলবোর্ড-কাটআউট-লিফলেটসহ নানা আয়োজন অন্তর্ভুক্ত থাকছে এই প্রচার-প্রচারণায়। তারই যাত্রা শুরু হলো ডিজিটাল পোস্টার উন্মোচনের মাধ্যমে।

নির্মাতা দীপংকর দীপন জানান, অচিরেই প্রকাশ পাবে এর প্রিন্ট ভার্সনও। ক্রমান্বয়ে মুক্তি দেয়া হবে সিনেমার টিজার, ট্রেইলার এবং সবগুলো গান।  

তিনি বলেন, “ছবির প্রচারণায় সিনেমাটির প্রধান দু’জন অভিনেতা-অভিনেত্রী আরিফিন শুভ ও মাহিয়া মাহিসহ আমি ‘ইন্টান্যাশনাল প্রমোশনাল ট্যুর’-এ দুবাই, কানাডা, যুক্তরাষ্ট্র, ইউরোপ, মালয়েশিয়া, অষ্ট্রেলিয়াসহ অন্যান্য দেশ সফর শুরু করতে যাচ্ছি অক্টোবরের মাঝামাঝি থেকে। সেখানে প্রবাসী বাংলাদেশিদের মাঝে সিনেমাটির নানা দিক তুলে ধরে প্রচারণায় অংশ নেবো আমরা। ইতিমধ্যে এইসব দেশের বেশ কিছু সিনেপ্লেক্সে সিনেমাটি মুক্তির বিষয় নিশ্চিত হয়েছে।”

চলচ্চিত্রটির মূল ভাবনা ও কাহিনি রচনা করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের এডিসি সানী সানোয়ার। ছবিটি নির্মাণে সার্বিক তত্বাবধায়নও করছেন তিনি। তার ভাষ্যে, “বাংলাদেশের প্রথম পুলিশ অ্যাকশন থ্রিলার সিনেমা হিসেবে এটি । সকল শ্রেণির দর্শকের মন জয় করবে বলে আমাদের বিশ্বাস। দেশীয় চলচ্চিত্রে আধুনকিতার ছোঁয়া, শতভাগ মৌলিক গল্প, সর্বোচ্চ সংখ্যক তারকা অভিনেতা-অভিনেত্রীদের উপস্থিতি, অসম্ভব সুন্দর কিছু গান, বিশাল আয়োজনসহ আরও নানা বিষয় যুক্ত করার মধ্যদিয়ে সিনেমাটি দর্শকদের উপভোগ্য করার সর্বাত্মক প্রচেষ্টা নেয়া হয়েছে। আমরা আশা করি সিনেমাটিতে দর্শকদের আকাঙ্খার প্রতিফলন ঘটবে।” 

সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করেছে- স্প্ল্যাশ মাল্টিমিডিয়া, ঢাকা পুলিশ পরিবার কল্যাণ সমিতি লিঃ এবং থ্রি-হুইলারস লিঃ। সিনেমাটিতে শুভ-মাহি ছাড়াও অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন হাসান ইমাম, আফজাল হোসেন, এবিএম সুমন, নওশাবা, এবং শতাব্দী ওয়াদুদ। বিশেষ অতিথি চরিত্রে দেখা যাবে নায়ক আলমগীর এবং শিপন মিত্রকে।