ভীষণ ভেঙে পড়েছিলাম: সাবিলা নূর
বিরতি ভেঙে আমেরিকা থেকে দেশে ফিরেছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর। মনোযোগী হয়েছেন অভিনয়ে। গ্লিটজকে শোনালেন, আমেরিকায় কাটানো দিনগুলির গল্প।
তুমুল ব্যস্ততার মাঝে হুট করেই ডুব দিয়েছিলেন ছোটপর্দার অভিনেত্রী সাবিলা নূর। অনেকটা চুপিসারে পাড়ি জমিয়েছিলেন আমেরিকায়। দর্শকদের মনে ছিলো খানিকটা রহস্য। কী কারণে দেশের বাইরে গেলেন তিনি অথবা আদৌ দেশে ফিরবেন কি? মাঝে তাকে ঘিরে কিছু গুঞ্জন পরিণত হয়েছিল আশঙ্কায়।
তবে আশঙ্কাকে তুড়ি মেরে ফিরে এসেছেন সাবিলা। ৩ আগস্ট ঢাকায় পা দিয়েছেন। ফিরেই গ্লিটজকে বললেন, “দারুণ কিছু সময় কেটেছে আমেরিকায়।”
কী কারণে গিয়েছিলেন? বললেন, “ফিল্ম মেকিংয়ের উপর একটি কোর্স করেছি। কোর্স শেষ হয়েছে কিছুদিন আগে। আর আমারও একটু ছুটির দরকার ছিল। সেকারণেই নিজের মতো করে সময় কাটিয়েছি বাইরে।”
মাঝে সাবিলাকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে কিছু গুঞ্জন রটেছিল। সেগুলো উড়িয়ে সাবিলা বললেন, “আসলে সেগুলোর কোনো ভিত্তি নাই। আমার ব্যাপারে মিথ্যা গুজব রটার পর থেকেই আমি ভীষণ ভেঙে পড়েছিলাম। কিন্তু এখন অনেকটাই নিজেকে গুছিয়ে নিয়েছি।”
অভিনয়ের জন্যও প্রস্তুতি নিয়েছেন ইতিমধ্যে। ‘বাড়িওয়ালি’ নামে নতুন একটি নাটকের কাজও শুরু করেছেন। এটি নির্মাণ করছেন হিমেল আশরাফ। তার বিপরীতে আছেন মিশু সাব্বির। আজ (৬ আগস্ট) থেকে শুরু হয়েছে শুটিং। চলবে ৭ আগস্ট অবধি। নাটকে সাবিলার চরিত্রের নাম টুম্পা।
নিজের চরিত্রটি সম্বন্ধে গ্লিটজকে জানালেন, “টুম্পা খুব কনজারভেটিভ ফ্যামিলির মেয়ে। পদে পদে তাকে বাধায় পড়তে হয়। সেই বাধা নিয়েই পথ চলতে হয় তাকে। নাটকের গল্পটা দারুণ।”
সঙ্গে আরো জানালেন, “বিরতির পর আবারো ক্যামেরার সামনে দাঁড়ানোর জন্য এক্সাইটেড ছিলাম। এবার নিয়মিতই অভিনয় করবো।”
২০১৪ সাল থেকে মডেলিং শুরু করেন সাবিলা। শুরুতে বেশকিছু বিজ্ঞাপনে কাজ করে আলোচনায় আসেন। পরবর্তীতে থিতু হয়েছেন নাটকে। তার অভিনীত প্রথম নাটক ‘ইউ টার্ন।’
