২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চিরকুটের সুরে কোনাল, ভিডিওতে বন্ধুত্বের গল্প

দেশের অন্যতম জনপ্রিয় ব্যান্ড চিরকুট, জনপ্রিয় সংগীত মুখ কোনাল। এবার একটি বিশেষ গানে এক হলো তারা। তৈরি হলো বিশেষ গান ‘বন্ধু’। গানটির কথা-সুর করেছেন শারমীন সুলতানা সুমী আর পুরো গানটির সংগীতায়োজন করেছে তারই ব্যান্ড চিরকুট।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2017, 06:53 PM

Updated : 11 Oct 2022, 02:20 PM

আগস্টের প্রথম রবিবার (৬ আগস্ট) বন্ধু দিবস। দিনটি স্মরণীয় করে রাখতে গানটি গাওয়ার উদ্যোগ নেন সোমনূর মনির কোনাল। গানটিতে কণ্ঠ দিয়েই ফেইসবুকে কোনাল তার ভক্ত-শ্রোতাদের আহ্বান করেছিলেন, বন্ধুদের নিয়ে দলবলে এই গানের ভিডিওতে অংশ নেওয়ার জন্য। ঘটেছেও তাই।

গত ৩০ জুলাই ঢাকার বেশ কয়েকটি জায়গায় গানটির ভিডিও শুটিং করেন নির্মাতা ইমরাউল রাফাত। অনেকের সঙ্গে এতে প্রধান মডেল হিসেবে যোগ দিয়েছিলেন স্পর্শিয়া, তাসনুভা তিশা ও সাব্বির অর্ণব। এদিন সন্ধ্যার পর শেরেবাংলা নগর কৃষি বিশ্ববিদ্যালয় মিলনায়তনে শুটিংয়ে অংশ নেন শিল্পী নিজেও।

গানটি প্রসঙ্গে কোনাল বলেন, “আমি ব্যক্তিগত জীবনে অসম্ভব বন্ধুকেন্দ্রিক একজন মানুষ। চিরকুটের সুমী আপুর সঙ্গে এই গানটির পরিকল্পনা করি আরও বছর দুয়েক আগে। অবশেষে আমাদের সেই গানটি রেকর্ড হলো এবং চমৎকার একটি গল্প নিয়ে ভিডিও তৈরি হলো। আমি বিশ্বাস করি, গানটির মাধ্যমে প্রতিটি মানুষ তার ফেলে আসা বন্ধুদের স্মৃতিতে ফিরে যাবেন এবং হারিয়ে যাওয়া বন্ধুদের খুঁজে বের করবেন।”

প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভি জানায়, দুই এক দিনের মধ্যে প্রতিষ্ঠানটির অফিসিয়াল ইউটিউব চ্যানেল, ফেইসবুক পেইজ, জিপি মিউজিক অ্যাপসহ দেশের বেশ কয়েকটি টিভি চ্যানেলে গানটির অডিও/ভিডিও মুক্তি পাবে।