২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ছয় বছর বয়সে যৌন নিগ্রহের শিকার হয়েছিলেন অক্ষয়

মুম্বাইতে অনুষ্ঠিত ‘মানব পাচার বিরোধী’ এক সমাবেশে নিজের যৌন নিগ্রহের শিকার হওয়ার কথা বললেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2017, 05:15 PM

Updated : 12 Apr 2022, 12:02 AM

সামনেই আসছে অক্ষয়ের নতুন সিনেমা ‘টয়লেট এক প্রেম কথা’। ছবির প্রচারণায় এ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন তিনি। সম্প্রতি মানব পাচার বিরোধী এক সমাবেশে অংশ নিয়ে শিশুদের যৌন সুরক্ষা ও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলেন ‘রুস্তম’ তারকা। অনুষ্ঠানের এক পযায়ে নিজের জীবনের একটি ভয়াবহ ঘটনার কথা বলেন তিনি।

গণমাধ্যমে যৌন নিগ্রহের মতো স্পর্শকাতর বিষয় নিয়ে অক্ষয় বলেন, “আমি যখন মাত্র ছয় বছরের শিশু তখন আমার জীবনে ভয়াবহ একটি ঘটনা ঘটে। একজন লিফ্টম্যানের হাতে যৌন নিগ্রহের শিকার হই আমি। আপাতদৃষ্টিতে সাদাসিধে ওই লিফ্টম্যান আমার গোপন অঙ্গে স্পর্শ করে। সে সময় এটা বোঝার মতো বয়স আমার ছিলো না। তাছাড়া আমি ভীষণ লাজুক স্বভাবের ছিলাম।”

তিনি আরও বলেন, “আমি খুবই সৌভাগ্যবান যে, বাবা-মায়ের সঙ্গে আমি সব বিষয়ে খোলামেলাভাবে কথা বলতে পারতাম। তাই ঘটনার সঙ্গে সঙ্গেই আমি আমার বাবাকে এটা বলেছিলাম। তিনি বিষয়টিকে গুরত্বের সঙ্গে নিয়েছিলেন এবং পুলিশকে এটি জানিয়েছিলেন। পরে জানা গেছে, ওই ব্যক্তি এর আগেও আরও অনেকের সঙ্গেই এমন আচরণ করেছেন। পুলিশ তাকে প্রেফতার করে এবং শাস্তি দেয়। কাজেই বাবা-মা’র সঙ্গে সন্তানের খোলামেলা কথা বলার অভ্যাস করা খুবই জরুরি।”

এ সময় নারী ও শিশুদের তাদের সমস্যার কথা চেপে না রাখার জন্য অনুরোধ করেন অক্ষয়। এ ধরণের অনাকাঙ্খিত ঘটনা এড়াতে জোরালো প্রতিবাদের কোনো বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি।

১১ আগস্ট মুক্তি পাচ্ছে অক্ষয়ের নতুন সিনেমা ‘টয়লেট এক প্রেম কথা’। শ্রী নারায়ণ সিং পরিচালিত এ সিনেমায় ভূমি পেড়নেকরের বিপরীতে দেখা যাবে তাকে।