রবীন্দ্র সরোবরে অনন্ত জলিল
আলোচিত চিত্রনায়ক অনন্ত জলিল ভক্তদের আমন্ত্রণ জানালেন রাজধানীর রাজধানীর ধানমণ্ডি লেকে অবস্থিত রবীন্দ্র সরোবরে।
হঠাৎই ফেসবুক লাইভে চিত্রনায়ক অনন্ত জলিল। মাথায় পাগড়ি সঙ্গে সাদা পোশাকে ভক্তদের মুখোমুখি হলেন। জানালেন, শনিবার সন্ধ্যায় ধানমণ্ডি লেকে অবস্থিত রবীন্দ্র সরোবরে আসছেন তিনি। ভক্তদের সঙ্গে সরাসরি কথা হবে তার। শুধু তাই নয়, তার সঙ্গে এইসময় উপস্থিত থাকবেন দেশের কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। কিন্তু কি বিষয়ে কথা বলবেন, কেন এই হুট আমন্ত্রণ তা কিছুই বললেন না।
ভিডিও বার্তায় অনন্ত জলিল বলেন, “হ্যালো বন্ধুগণ, আজ সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে আমি আসছি রবীন্দ্র সরোবরে, ধানমণ্ডিতে। আপনাদের এবং তোমাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ আলাপ বলতে। প্লিজ, তোমরা সবাই এসো এবং আপনারাও আসবেন। আমার সাথে কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তিও থাকবেন। যাদের কথা শুনলে আমাদের জীবনে উপকারে আসবে। দেখা হবে সবার সাথে সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে রবীন্দ্র সরোবরে।”
ভক্তদের সঙ্গে কী বিষয়ে কথা হবে এ বিষয়ে জানতে চাইলেও মুখ খুলছেন না অনন্ত। বলছেন, “এই বিষয়টি নিয়ে ভক্তরা আপতত কিছু না জানুক। বিষয়টা চমক হিসেবেই থাকুক।”
ঢাকাই চলচ্চিত্রের অন্যতম আলোচিত চিত্রনায়ক অনন্ত জলিল অভিনয়ের পাশাপাশি নানাধরণের সামাজিক কর্মকাণ্ডেও যুক্ত আছেন। দেশের অন্যতম এ গার্মেন্টস ব্যাবসায়ী বড়পর্দায়ও নতুন নতুন চমক এনে দর্শকদের মনোযোগ আকর্ষণ করতে সক্ষম হয়েছেন। ২০১০ সালে নিজের প্রযোজিত চলচ্চিত্রে নায়ক হিসেবে যাত্রা শুরু হয় তার। তার অভিনীত উল্লেখযোগ্য ছবিগুলো হলো-‘খোঁজ দ্য সার্চ’, ‘হৃদয় ভাঙা ঢেউ’, ‘দ্য স্পিড’, ‘মোস্ট ওয়েলকাম’, ‘মোস্ট ওয়েলকাম টু’ ও ‘নিঃস্বার্থ ভালোবাসা’। সম্প্রতি অনন্ত জলিল ‘দ্য স্পাই’ ও ‘সৈনিক’ নামে দুটি ছবি নির্মাণের ঘোষণা দিলেও চলচ্চিত্র দুটির কাজ এখনও শুরু হয়নি।
