২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘ভূমি’র পোস্টারে সঞ্জয়ের জাদু

‘মুন্নাভাই’, ‘অগ্নিপথ’, ‘পিকে’ দিয়ে নিজের অভিনয়ের প্রতিভার স্বাক্ষর রেখেছেন আগেই। এবারে নতুন সিনেমা ‘ভূমি’তে ভিন্ন এক সঞ্জয় দত্তকে দেখতে পাবেন দর্শক- ছবির নতুন পোস্টার বলছে এমনটাই।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2017, 04:46 PM

Updated : 19 Aug 2022, 05:10 PM

কিছু দিন আগেই প্রতিশোধ পরায়ণ এক মায়ের ভূমিকায় দেখা গেছে শ্রীদেবীকে। ‘মম’ ছবিতে প্রশংশিত হয়েছে তার অনবদ্য অভিনয়। ‘ভূমি’ সিনেমায় তেমনি এক প্রতিশোধ পরায়ণ বাবার ভূমিকায় দেখা যাবে সঞ্জয় দত্তকে।

কারাগার থেকে ফিরেই ওমাং কুমারের ‘ভূমি’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত হয়ে পড়েন ‘মুন্নাভাই’ খ্যাত এই অভিনেতা। সঞ্জয়ের ৫৮ তম জন্মদিনে প্রকাশিত এ ছবির পোস্টারে তাকে দেখে চমকে গেছে ভক্ত ও দর্শকেরা।

ক’দিন আগেই প্রকাশিত হয়েছিলো ‘ভূমি’র একটি পোস্টার। সাদা-কালো সেই পোস্টারে লাল রঙে লেখা ছিলো ‘ভূমি’। এ ছাড়াও পোস্টারে সবার নজড় কেড়েছে দাঁড়ি গোফের আড়ালে সঞ্জয়ের রক্তমাখা মুখ। সম্প্রতি প্রকাশিত নতুন পোস্টারে রয়েছে ভিন্ন চমক। পোস্টার জুড়ে সঞ্জয় দত্তের অভিব্যক্তিময় মুখ। এতেও রয়েছে রক্তের ছড়াছড়ি। ক্রোধের আগুনে জ্বলতে থাকা সঞ্জয়ের প্রখর চাহনি সহজে দৃষ্টি এড়াবে না কারও।

 

ইন্ডিয়ান এক্সপ্রেস’কে দেওয়া সাক্ষাতকারে ‘ভূমি’ পরিচালক ওমাং কুমার বলেন, “পোস্টারে তো সঞ্জয়ের চরিত্রের সামান্যই আভাস পাওয়া যাচ্ছে। মূল চরিত্রটি এর চেয়েও চমকপ্রদ। তিনি যেভাবে ফিরে এসেছেন এবং নিজেকে নতুন অবতারে মেলে ধরেছেন তা অবিশ্বাস্য। আশা করি ভক্তদের হতাশ করবে না ‘ভাই’।”

ছবির প্রযোজক সন্দীপ সিং’য়ের মতে, “সঞ্জয় ভক্তদের জন্য এটি দারুণ সুখবরই বটে। আবারও নতুন রূপে দর্শক মাত করতে আসছেন তিনি।”

‘ভূমি’ সিনেমায় সঞ্জয়ের মেয়ের চরিত্রে অভিনয় করছেন অদ্বীতি রাও হায়দারি। ২২ সেপ্টেম্বর মুক্তি পাবে এ ছবিটি।