২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘ইন্দু সরকার’ কংগ্রেসের বিরুদ্ধে মোদীর চক্রান্ত : মইলি

মধুর ভান্ডারকরের মুক্তি প্রতিক্ষীত সিনেমা ‘ইন্দু সরকার’কে কংগ্রেসের বিরুদ্ধে বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চক্রান্ত বলে অভিহিত করেছেন দলটির সাংসদ এম বীরাপ্পা মইলি।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2017, 08:02 PM

Updated : 11 Apr 2022, 11:59 PM

ভান্ডারকর তার ‘ইন্দু সরকার’ সিনেমাটি তৈরি করেছেন ইন্দিরা গান্ধীর শাসনামলের ১৯৭৫ থেকে ১৯৭৭ সালের জরুরি অবস্থাকে অবলম্বন করে। সিনেমাটির ট্রেইলার প্রকাশের পর থেকেই কংগ্রেস দাবি করে আসছে এতে তাদের দুই নেতা ইন্দিরা গান্ধী ও সঞ্জয় গান্ধীর ভাবমূর্তি ক্ষুণ্ণ হতে পারে।

এ ব্যাপারে প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে মইলি বলেন, “এটা কংগ্রেসের অনেকের জন্যই খুব দুঃখজনক যে আমাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ হোক, এটাই এই সিনেমার মাধ্যমে মোদী চাইছেন। তবে শেষ পর্যন্ত এটা তাকেই আঘাত করবে।”

তিনি আরও বলেন, “এই ধরণের ধ্বংসাত্মক কার্যকলাপ বিজেপির প্রস্থানকেই ত্বরান্বিত করবে। এসব তারা যত বেশি করবে, তাদের গদি ছাড়ার দিন ততই ঘনিয়ে আসবে।”

কীর্তি কুলহারি অভিনীত এই সিনেমাটির ১৪ টি দৃশ্যে কাঁচি চালানোর প্রস্তাব করেছে ভারতের সেন্সর বোর্ড। না হলে সিনেমাটির মুক্তি সংশয়ে পড়বে।

এর আগে সিনেমাটি মুক্তির আগে কংগ্রেস সদস্যদের দেখতে দেওয়ার দাবি জানানো হয়েছিল। ভারতের একাধিক জায়গায় সিনেমাটির প্রচারে বাধা দিয়েছে স্থানীয় কংগ্রেস কর্মীরা।