২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অন্যের সফলতা দেখে বিচলিত হই না: আলিয়া

১৪ জুলাই, শুক্রবার নিউইয়র্কে পর্দা উঠছে ১৮তম আইফা পুরস্কার অনুষ্ঠানের। ক্যাটরিনা কাইফ, প্রিয়াঙ্কা চোপড়াদের সঙ্গে এতে অংশ নিচ্ছেন আলিয়া ভাট।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2017, 06:34 PM

Updated : 11 Apr 2022, 11:56 PM

‘হাইওয়ে’, ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’, ‘টু স্টেট’, ‘উড়তা পাঞ্জাব’, ‘ডিয়ার জিন্দেগি’ সহ একাধিক সিনেমায় অসাধারণ অভিনয় করে সুনাম কুড়িয়েছেন মহেশ ভাট তনয়া আলিয়া ভাট। সর্বশেষ বরুণ ধাওয়ানের বিপরীতে ‘বদ্রীনাথ কি দুলহনিয়া’ দিয়ে বাজিমাৎ করেছেন এ অভিনেত্রী। তারকা সন্তান হিসেবে পাদ প্রদীপের আলোয় আসা আলিয়া বরাবরই তার সাফল্যের জন্য পরিশ্রম ও সততার কথাই বলে এসেছেন।

ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, গণমাধ্যমকে দেওয়া সাক্ষাতকারে আলিয়া বলেন, “আমি যেমন জন্মেছিলাম এখনো ঠিক তেমন আছি। আমার মনে হয় না ভেতরকার আমার কোনো পরিবর্তন হয়েছে। তারকা খ্যাতি বা সাফল্যের ব্যাপারে আমি বলবো, আমি শুধু আমার কাজ করে যাচ্ছি, সাফল্য তার নিজের মতোই আসছে।”

আলিয়া আরও বলেন, “অন্য কে কি করলো তার চেয়ে আমি নিজে কি করলাম সেটাই বেশি গুরুত্বপূর্ণ আমার কাছে। অন্যের সাফল্য দেখে আমি বিচলিত হই না, আমার প্রতিযোগিতা আমার নিজের সঙ্গে।”

সামনেই রণবীর কাপুরের বিপরীতে ‘ড্রাগন’ সিনেমায় দেখা যাবে ‘হাইওয়ে’ অভিনেত্রী আলিয়াকে। এছাড়াও তার হাতে রয়েছে বরুণ ধাওয়ান ও ভিকি কুশারের বিপরীতে নতুন দু’টি সিনেমা।