২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘ভয়ংকর সুন্দর: আমাদের গল্পের ছবি’

৪ আগস্ট মুক্তি পাচ্ছে নির্মাতা অনিমেষ আইচের চলচ্চিত্র ‘ভয়ংকর সুন্দর’। মতি নন্দীর ‘জলের ঘূর্ণি ও বকবক শব্দ’ কাহিনি অবলম্বনে নির্মিত ছবিটিতে ‘আমাদের গল্পের’ সিনেমা বলছেন নির্মাতা-অভিনয়শিল্পীরা।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2017, 08:55 PM

Updated : 11 Oct 2022, 02:16 PM

বড্ড বেশি দক্ষিণমুখী হয়ে গেছে বাংলা চলচ্চিত্র। ঢাকাইয়া সিনেমায় মুম্বাই কিংবা কলকাতার আবহ দেখা মিলে হরহামেশা। নিজেদের সংস্কৃতি, গল্প আর চরিত্র খুঁজে পাওয়ায় দুষ্কর হয়ে দাঁড়িয়েছে। কাট-কপি করে গুবলেট পাকানোর এই ক্রান্তিকালে আমাদের গল্পের সিনেমা ‘ভয়ংকর সুন্দর’ আনছেন নির্মাতা অনিমেষ আইচ।

এমনটাই জানা গেল ছবিটিকে ঘিরে আয়োজিত সাংবাদ সম্মেলনে। একটি বেসরকারি টিভি চ্যানেলে আয়োজিত এই অনুষ্ঠানে অতিথির বক্তব্যে গীতিকার আসিফ ইকবাল জানালেন, “আমাদের শিকড়ের সঙ্গে গল্পটা বেশি মিলে যায়। মধ্যবিত্তের জন্য যে গল্পটা বলা দরকার ছিলো সেই গল্পটাই অনিমেষ আইচ বলেছেন। ঠিক এই সময়ে আইডেন্টিটি ক্রাইসিসের মধ্য দিয়ে আমরা যাচ্ছি। আমাদের চারদিক থেকে চাপ আছে। এই সময়ে এই ধরণের চলচ্চিত্র দরকার ছিল। অনিমেষ আইচদের পাশে আমাদের দাঁড়ানো দরকার। এরাই আসলে সংস্কৃতিটাকে টিকিয়ে রাখছে।”

তার সঙ্গে একমত গাজী রাকায়েতও। তিনি জানালেন, “বাংলাদেশ পৃথিবীর অন্যতম ঘনবসতিপূর্ণ একটি দেশ। যে দেশে যত বেশি মানুষ সে দেশে তত বেশি ঘটনা। ঘটনা থেকেই বেরিয়ে আসে গল্প। আমাদের হাজারো গল্প আছে। সেগুলোকে কাজে লাগাতে হবে। নিজেদের গল্পের সিনেমা বানানোর জন্য অনিমেষসহ অনেক নির্মাতাই কাজ করে যাচ্ছেন। এটা চালিয়ে যেতে হবে।”

ছবিটির একটি গানে কণ্ঠ দিয়েছেন লোকসংগীতশিল্পী মমতাজ। অনুষ্ঠানে ছিলেন তিনিও। বললেন, “ভয়ংকর সুন্দর’-নামটাই আনকমন। আশাকরি ভিন্নরকম কিছুই হবে। আমি রেগুলার যে ধরনের গান করি ছবির গানটা অনেকটাই আলাদা। এখন ভালো ভালো দু’চারটা ছবি যেমন চলছে এটি অনেকটাই সেইরকম একটি চলচ্চিত্র।”

 

নির্মাতা ও অভিনেতা তৌকির আহমেদ তার বক্তব্যে একজন নির্মাতার সংগ্রামের কথা তুলে ধরেন “দিনশেষে আমরা সবাই একা। আর সেটা আরো প্রকট হয় ছবি রিলিজের পর! এখনই যদি সঠিক পৃষ্ঠপোষকতা না করা হয় তাহলে আমাদের চলচ্চিত্রের উন্নতি কখনোই হবে না। আমি আশা করি সবাই ‘ভয়ংকর সুন্দর’ সিনেমাটি হলে গিয়ে দেখবেন।”

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন মোস্তফা সরয়ার ফারুকী, গিয়াসউদ্দিন সেলিম, আবু কালাম আজাদ, ভাবনা, হাসান ইমাম, প্রিন্স মাহমুদ, আসিফ ইকবাল, শহীদুল আলম সাচ্চু, গাজী রাকায়েতসহ আরো অনেকে।