আগে প্রিভিউ কমিটি, পরে নতুন ছবির মুক্তি ও নির্মাণ: গুলজার
তথ্যমন্ত্রণালয়ের নির্দেশে থামলো যৌথপ্রযোজনার নতুন চলচ্চিত্র নির্মাণ। কিন্তু যেসব চলচ্চিত্র মুক্তির অপেক্ষায় কিংবা নির্মাণ চলছে সেসব ছবির ভবিষ্যত কী হবে তা গ্লিটজকে জানালেন পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার।
যৌথপ্রযোজনার অনিয়মের বিরুদ্ধে আন্দোলনের এক পর্যায়ে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে দুর্নীতিবাজ আখ্যায়িত করে তার পদত্যাগ দাবি করে চলচ্চিত্র ঐক্যজোট। শুধু তাই নয়, তথ্যমন্ত্রীর ডাকে আর কখনো সাড়া দেবে না এফডিসি এমনই সিদ্ধান্ত হয় ঐক্যজোটের সভায়। পরে সংবাদ সম্মেলনে এসে ঐক্যজোটের মুখপাত্র মুশফিকুর রহমান গুলজার জানান এসব সিদ্ধান্তের কথা।
কিন্তু মুহুর্মুহু বদলাচ্ছিলো দৃশ্যপট। ঈদে মুক্তি পেলো বিতর্কিত দুই চলচ্চিত্র ‘নবাব’ ও ‘বস টু’। চলচ্চিত্র দুটির দাপটে নামমাত্র হল পেলো দেশিয় প্রযোজনার ‘রাজনীতি’।
ঈদের পর ঐক্যজোট নেতাদের চায়ের আমন্ত্রণ জানালেন তথ্যসচিব মরতুজা আহমেদ। সেখানেই নতুন প্রস্তাব। স্থগিত হবে বিতর্কিত নীতিমালা। নতুন করে সাজানো হবে প্রিভিউ কমিটি।
গ্লিটজকে মুশফিকুর রহমান গুলজার জানালেন, “আমরা তথ্যমন্ত্রীর ডাকে যাইনি। আমরা গিয়েছি তথ্যসচিবের আমন্ত্রণে। সেখানেই উল্লেখিত প্রস্তাবনার ব্যাপারে আলাপ আলোচনার পর, তার অনুরোধেই আমরা হাসানুল হক ইনু সাহেবের সাথে দেখা করি। তিনি বলছিলেন-তিনি তো আমাদের মন্ত্রণালয়ের প্রধান, যে কোনো কিছুর জন্যই তার স্বাক্ষরের প্রয়োজন আছে। একটু দেখা করে যান। তো, সৌজন্যতার খাতিরেই দেখা করি। কেননা, আমরা কারো সাথে দ্বন্দ্ব করতে নয়, চলচ্চিত্রের স্বার্থেই আন্দোলন করছি।”
গুলজার বলেন, “বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, নতুন করে প্রিভিউ কমিটি দেয়া হবে শিগগিরই। তার আগ পর্যন্ত নতুন কোনো ছবি মুক্তির জন্য ও নির্মাণের জন্য আবেদন করতে পারবে না। নতুন প্রিভিউ কমিটি এসে নির্মিত চলচ্চিত্রগুলো যথানিয়মে নির্মিত হয়েছে কিনা তা যাচাই বাছাই করে ছাড়পত্র দেবেন।”
এদিকে, যৌথ প্রযোজনায় এরই মধ্যে বেশ কটি সিনেমার নির্মাণ শেষ হয়েছে। শুটিং চলছে আরও কয়েকটির। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ‘রংবাজ’, ‘ডুব’, ‘ইয়েতির অভিযান’, ‘চালবাজ’, ‘মনে রেখো’, ‘ওলট পালট’।
ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনার চলচ্চিত্র নীতিমালা মূল্যায়ন ও সংশোধন সুপারিশে নতুন কমিটির প্রধান করা হয়েছে বিটিভির মহাপরিচালক হারুন-অর-রশীদকে। তিনি জানিয়েছেন, মাসখানেকের মধ্যেই নতুন নীতিমালা চূড়ান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।
