২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অবশেষে শপথ নিলেন ফেরদৌস

নির্বাচনের দুই মাস পর শনিবার বিকেলে চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী পরিষদের সদস্য হিসেবে এফডিসিতে শপথ গ্রহণ করলেন চিত্রনায়ক ফেরদৌস।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2017, 07:56 PM

Updated : 11 Apr 2022, 11:53 PM

নানা আইনি জটিলতা সত্ত্বেও নির্বাচনের পরপরই শপথ নিয়েছিলেন চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচিত নেতারা। কিন্তু সেই অনুষ্ঠানে দেখা যায়নি মৌসুমী, ফেরদৌসসহ বেশ ক’জন সিনিয়র অভিনয়শিল্পীদের। তারপর থেকেই শঙ্কাটা দানা বেঁধেছিলো, আদৌ কি কমিটিতে থাকছেন তারা?

সম্প্রতি চিত্রনায়িকা মৌসুমীর পদত্যাগের পর সেই শঙ্কাটা জোরালো হয় আরও। তবে সব অনিশ্চয়তা উড়িয়ে অবশেষে শিল্পী সমিতির সদস্য হিসেবে শপথ নিলেন ফেরদৌস।

শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান গ্লিটজকে জানিয়েছেন, “আজ (শনিবার) বিকেল ৩ টায় এফডিসিতে নতুন সদস্য হিসেবে তাকে শপথবাক্য পাঠ করানো হয়।”

সিনেপাড়ায় কানাঘুষা চলছিল মৌসুমীর স্থলাভিষিক্ত হচ্ছেন ফেরদৌস। কিন্তু ফেরদৌস জানালেন, “তেমনটা হওয়ার প্রশ্নই আসে না। মৌসুমীর জায়গায় না। আমি নিজেই তো একজন নির্বাচিত সদস্য। শপথ অনুষ্ঠানের সময় দেশে না থাকার কারণে আমি শপথ নিতে পারিনি।”

তাহলে মৌসুমীর পদে কে আসছেন?

সমিতির অন্যতম নেতা জায়েদ খান বললেন, “উনার ব্যাপারে শিগগিরই আমরা মিটিং করবো। আলোচনার মাধমেই সিদ্ধান্ত নেওয়া হবে।”

শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্পী সমিতির নবনির্বাচিত সভাপতি মিশা সওদাগর, সাধারণ সম্পাদক জায়েদ খান, সহসভাপতি রিয়াজসহ আরও অনেকেই।

৫ মে অনুষ্ঠিত চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে জয়ী হয় মিশা সওদাগর-জায়েদ খান প্যানেল। তাদের পরাজিত প্রতিপক্ষ ওমর সানি-অমিত হাসান প্যানেল থেকে নির্বাচনে লড়ে সদস্য পদে নির্বাচিত হয়েছিলেন ফেরদৌস।