নিউইয়র্কে এ.আর. রাহমানের গুরুত্বপূর্ণ কনসার্ট
১৮তম আইফা উৎসব মাতাতে চলেছেন এ.আর. রাহমান ও তার দল- এ খবর শোনা গিয়েছে আগেই। তবে এবারের পরিবেশনা একটু বিশেষ গুরুত্বপূর্ণ, গণমাধ্যমকে দেওয়া সাক্ষাতকারে এমনটাই বললেন অস্কারজয়ী এ সংগীত পরিচালক ।
১৪ জুলাই নিউইয়র্কে ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাকাডেমি(আইফা) আয়োজিত অনুষ্ঠানে গান গাইবেন এ.আর. রাহমান। এর মাধ্যমে চলতি বছর সংগীত ক্যারিয়ারের ২৫ বছর পূর্তি হতে যাচ্ছে এ খ্যাতিমান শিল্পীর। এছাড়া সংগীত ভুবনে ২৫ বছর পূর্তি উপলক্ষে ৮ জুলাই থেকে শুরু হচ্ছে এ তারকার ‘ইয়েসটারডে, টুডে, টুমোরো’ শিরোনামের সংগীত ভ্রমণ।
আইএনএস জানায়, মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ.আর. রাহমান বলেন “নিউইয়র্কের কনসার্টটি আমার সংগীত ক্যারিয়ারের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। কারণ এ বছরই সংগীত ভুবনে ২৫ পূর্ণ হলো আমার। দীর্ঘ এ যাত্রায় আমি যাদের পাশে পেয়েছি তাদের ধন্যবাদ জানাই্। আমি অত্যন্ত আনন্দিত যে, সবার ভালবাসায় এতগুলো বছর পার করেছি।”
তিনি আরও বলেন, “আইফা বরাবরই ভারতীয় সংস্কৃতিকে দেশের বাইরে চমৎকারভাবে তুলে ধরেছে। আইফা’র অনুষ্ঠানে গান গাওয়ার সুযোগ পেয়ে খুবই ভালো লাগছে।” নিউইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে অুনষ্ঠিতব্য এ আয়োজনে আরও গাইবেন পাঞ্জাবী অভিনেতা ও সংগীতশিল্পী দিলজিৎ দোসাঞ্জ।
‘রোজা’, ‘তাল’, ‘বোম্বে’, ‘স্লামডগ মিলিওনিয়ার’ সহ অসংখ্য সিনেমায় সংগীত পরিচালনা করেছেন এ.আর. রাহমান। দু’বার অস্কারজয়ী এ সংগীত তারকার ঝুলিতে রয়েছে গোল্ডেন গ্লোব, গ্র্যামি অ্যাওয়ার্ড, বাফটা সহ অসংখ্য নামী-দামী পুরস্কার। ভারতে পদ্মশ্রী, ফিল্মফেয়ার ও জাতীয় পুরস্কার সহ জিতে নিয়েছেন একাধিক পুরস্কার।
