২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘টিউবলাইট’য়ের ব্যর্থতায় ক্ষতির মুখে পরিবেশক

সালমান খানের সিনেমা মানেই তিনশ-সাড়ে তিনশ কোটি রুপির ব্যবসা- ঈদের মৌসুমে এমনটাই দেখা গেছে গত কয়েক বছর ধরে। তার অভিনীত নতুন সিনেমা ‘টিউবলাইট’ বক্সঅফিসে শতকোটির ঘর পেরুলেও তাই খুশি নন পরিবেশক কতৃপক্ষ।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2017, 08:55 PM

Updated : 11 Apr 2022, 11:52 PM

‘ওয়ান্টেড’, ‘কিক’, ‘এক থা টাইগার’, ‘দাবাং’, ‘বজরঙ্গী ভাইজান’ ও ‘সুলতান’ পযন্ত প্রায় সব ছবিতেই বক্সঅফিসে ছক্কা হাঁকাতে দেখা গেছে সালমান খানকে। ঈদের মৌসুমে সালমানের সিনেমা ব্যবসা করে আরও বেশি। তারই ধারাবাহিকতায় ‘টিউবলাইট’ নিয়ে অনেক আশা ছিলো সবার।  কিন্তু দর্শক টানতে ব্যর্থ হয়েছে সালমানের সিনেমা। তাই উচ্চমুল্যে সিনেমার প্রচারস্বত্ত কিনে এখন মাথায় হাত পরিবেশকদের।

ইন্ডিয়ান এক্সপ্রেস’কে দেওয়া সাক্ষাতকারে বাণিজ্য বিশ্লেষক গিরিশ জোহর বলেন, “পরিবেশকরা ১৩২ কোটি রুপি দিয়ে ‘টিউবলাইট’য়ের প্রচারস্বত্ত কিনেছে। বক্সঅফিসে কমপক্ষে তিনশ থেকে সাড়ে তিনশ কোটি ব্যবসা না হলে লোকসান গুনতে হবে তাদের। এছাড়া এ ছবির ছোট পর্দা ও গানের প্রচারস্বত্ত বিক্রি হয়েছিলো ৫৫ ও ৩৮ কোটিতে। কিন্ত সালমানের সিনেমা দর্শক টানতে ব্যর্থ হওয়ায় তারাও শঙ্কায় রয়েছেন।”

শিগগিরই কোনো বড় বাজেটের ছবি মুক্তি না পাওয়ায় বাড়তে পাবে ‘টিউবলাইট’য়ের ব্যবসা- এমনটা মনে করছেন অনেকে। তবে সে আশা উড়িয়ে দিয়ে গিরিশ জোহর বলেন, “দর্শক ‘টিউবলাইট’ দেখেতে হলে যাচ্ছে না। তারা সিনেমাটি পছন্দ করেনি। তাই নতুন ছবি আসা না আসার সঙ্গে ‘টিউবলাইট’য়ের ব্যবসার কোনো সম্পর্ক নেই। খুব বেশি হলে ১২৫ কোটির মতো ব্যবসা করতে পারে এ ছবিটি।” বিশ্লেষকদের ধারণা সত্যি হলে পরিবেশক ও প্রচার স্বত্ব ক্রয়কারী সংস্থাগুলোকে প্রায় ৫০ থেকে ৬০ কোটি রুপি লোকসান গুনতে হবে।

সামনেই আসছে সালমানের নতুন সিনেমা ‘টাইগার জিন্দা হ্যায়’। এতে ক্যাটরিনা কাইফের বিপীতে দেখা যাবে তাকে।