লন্ডনে হিন্দু-মুসলিম সৌহার্দ্য নিয়ে নির্মিত সিনেমার জয়
লন্ডন মাতালো পদ্মকুমার নরসিংহমূর্তি পরিচালিত ‘আ বিলিয়ন কালার স্টোরি’। হিন্দু-মুসলিম ঐক্য ও সৌহার্দ্য নিয়ে নির্মিত এ সিনেমাটি লন্ডনে অুনষ্ঠিত ‘ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল-২০১৭’য়ের সেরা সিনেমার পুরস্কার জিতে নিয়েছে।
ভ্যারাইটি পত্রিকা জানায়, ভারতীয় পরিচালক সতীশ কৌশিক প্রযোজিত ‘আ বিলিয়ন কালার স্টোরি’ সিনেমায় এক মুসলিম বাবা ও হিন্দু মায়ের সন্তান হ্যারির গল্প বলা হয়েছে। লন্ডনে অনুষ্ঠিত ‘ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল’য়ে দর্শক রায়ে সেরা সিনেমা বিবেচিত হয়েছে এ সিনেমাটি। এ ছাড়া আসরে সত্যজিৎ রায় চলচ্চিত্র পুরস্কার জিতে নেয় সিদ্ধার্থ চৌহান পরিচালিত ‘পাপা’ ছবিটি।
সিমলার স্বাধীন চলচ্চিত্র নির্মাতা সিদ্ধার্থ চৌহানের ‘পাপা’ ছবির কাহিনি আবর্তিত হয়েছে এক পক্ষাঘাতগ্রস্থ মা ও তার ছেলের জীবন সংগ্রামের ঘটনাকে নিয়ে। এর আগে ভারতের বিভিন্ন চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত হয়েছিলো এ স্বল্পদৈর্ঘ্য সিনেমাটি।
লন্ডন ‘ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল’-এর সমাপনী সিনেমা ছিলো সনাল কুমার শশীধরণের ‘সেক্সি দুর্গা’। গণমাধ্যমকে দেয়া সাক্ষাতকারে তিনি বলেন, “ভারতীয় ও দক্ষিণ এশিয়ার স্বাধীন চলচ্চিত্র নির্মাতাদের জন্য এ আয়োজন খুবই গুরুত্বপূর্ণ। এতে করে আর্ট ফিল্ম ও বিকল্পধারার চলচ্চিত্রগুলোর আরও প্রসার ঘটছে বলে আমার বিশ্বাস।”
এবারের আসরে চলচ্চিত্রশিল্পে বিশেষ অবদানের জন্য ‘আইকন’ পুরস্কারে ভূষিত করা হয়েছে ভারতীয় পরিচালক আদুর গোপালকৃষ্ণাণ, আশুতোষ গোয়াড়িকর ও তথ্যচিত্র নির্মাতা প্রতিভা পারমার’কে। ২২ জুন শুরু হওয়া এ আয়োজনটি শেষ হয়েছে ২ জুলাই।
