২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অমিতাভ রেজার ‘মার্চ মাসে শুটিং’

বড়পর্দা জয় করার পর এবার ছোটপর্দায় অন্যরূপে চলছে অমিতাভ রেজার ‘আয়নাবাজি’।আয়নাবাজি অরিজিনাল সিরিজ নামে ঈদের সাতদিন প্রচারিত হচ্ছে সাত নির্মাতার সাতটি নাটক। আগামীকাল প্রচারিত হবে অমিতাভ রেজার নির্মিত নাটকটি।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2017, 07:11 PM

Updated : 11 Oct 2022, 02:13 PM

আয়নাবাজি অরিজিনাল সিরিজে অমিতাভ রেজা নির্দেশিত নাটকটির নাম ‘মার্চ মাসে শুটিং’। ‘আয়নাবাজি’ চলচ্চিত্রের আবহ নিয়ে নাটকটির কাহিনি লিখেছেন গাওসুল আলম শাওন। চিত্রনাট্য তৈরি করেছেন পরিচালক নিজেই। নাটকে ফিরে এসেছেন আয়নাবাজি চলচ্চিত্রের হৃদি। তবে অন্যরূপে। চরিত্রটিতে আয়নাবাজি নায়িকা নাবিলাকেই পাচ্ছেন দর্শক। অন্যদিকে গুরুত্বপূর্ণ আরও দুটি চরিত্রে অভিনয় করেছেন অপূর্ব ও গাজী রাকায়েত।

নাটকটি প্রসঙ্গে নাবিলা বলেন, “বাংলাদেশে এই প্রথম  একটি ফিল্ম থেকে সিরিজ নির্মিত হলো। একটি নাটকে আমিও কাজ করার সুযোগ পেয়েছি। আমার জন্য আবারও চমৎকার একটি অভিজ্ঞতা। দুবছর পর আবারও সেই নির্মাতার হাত ধরে অভিনয় করা। তিনি অমিতাভ রেজা চৌধুরী। আয়নাবাজিতে আপনারা আমাকে যে হৃদি চরিত্রে দেখেছেন এ নাটকেও আমি সেই হৃদি হিসেবে উপস্থিত হয়েছি। তবে, এই হৃদি একটু ভিন্ন।  কতোটুকু ভিন্ন সেটা আমি এখনই বলতে চাচ্ছি না।”

নাটকটি প্রসঙ্গে উচ্ছ্বসিত অভিনেতা অপূর্বও। তিনি বলেন, “এ নাটকের অভিনয় ছিল ওয়ার্কশপের মতো। কারণ এর সঙ্গে সম্পৃক্ত ছিলেন আমার দু'জন গুরু গাজী রাকায়েত ও অমিতাভ রেজা। যাদের হাত ধরে মডেলিং ও অভিনয়ে এসেছি। এত বছর পরও তাদের সঙ্গে কাজ করতে গিয়ে মনে হয়েছে, একজন শিল্পীর শেখার কোনো শেষ নেই। একটি কাজ এখনও এত ডিটেইল হতে পারে তা আবার অনুভব করেছি।”

'মার্চ মাসে শুটিং' নাটকটি আগামীকাল ঈদের ষষ্ঠ দিন একইসঙ্গে মাছরাঙা, আরটিভি ও জিটিভিতে প্রচার হবে।