২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জীবনানন্দ দাশের স্ত্রী ‘লাবন্য’ চরিত্রে জয়া

জীবনানন্দ দাশকে নিয়ে চলচ্চিত্র নির্মাণ করছেন কলকাতার পরিচালক সায়ন্তন মুখোপাধ্যায়। চলচ্চিত্রটিতে জীবনানন্দ দাশের স্ত্রী লাবন্য দাশের চরিত্রে অভিনয় করছেন জয়া আহসান। কলকাতা থেকে গ্লিটজকে তথ্যটি নিশ্চিত করলেন জয়া আহসান নিজেই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রুদ্র হক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2017, 06:14 PM

Updated : 11 Apr 2022, 11:49 PM

কবি জীবনানন্দ দাশকে নিয়ে চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দিয়েছেন বাংলাদেশের নির্মাতা তৌকির আহমেদ ও মাসুদ পথিক। কিন্তু এখনও গবেষণা পর্যায়েই রয়ে গেছে তাদের নির্মাণের অগ্রগতি। সে প্রেক্ষিতে সায়ন্তন মুখোপাধ্যায় কিছুটা এগিয়েই গেলেন। একেবারে কাস্টিং পর্যন্ত।

জীবনানন্দ দাশের জীবনে বুঝি শুধু দুই নারী চরিত্র। মা কুসুম কুমারী দাশ আর স্ত্রী লাবন্য দাশ।

সেই লাবন্য দাশ চরিত্রে অভিনয় করবেন জয়া। গ্লিটজকে তিনি বললেন, “হ্যাঁ, ছবিটিতে অভিনয় করছি। যদিও আমার সাথে শিডিউল নিয়ে এখনও কোনো কথা হয়নি। শিডিউল না মিললে কাজ করা খুব টাফ আমার জন্য।”

আর জীবনান্দ দাশের চরিত্রে অভিনয় করছেন ব্রাত্য বসু। অন্যান্য চরিত্রগুলোর নামও গড়গড় করে বলে দিলেন জয়া। কুসুম কুমারী দাশের চরিত্রে দেখা মিলবে অনন্যা চট্টোপাধ্যায়। সজনীকান্ত চরিত্রের জন্য পরিচালক দেবশঙ্কর হালদারকে ভেবেছেন। এ চলচ্চিত্রে রবীন্দ্রনাথও আছেন। তার চরিত্রে ভাবা হয়েছে সৌমিত্র চট্টোপাধ্যায়কে।

জীবনানন্দ দাশ প্রসঙ্গে জয়া বললেন, “জীবনানন্দ দাশ তো অন্ধকারের কবি। পলাতকের মতো। সে তো নীরব কবি। মা ছাড়া তার জীবনে একমাত্র নারী চরিত্র লাবন্য দাশ। প্রথাগত ভাবনা থেকে যেভাবে লাবন্য দাশকে দেখা হয়েছে আসলে লাবন্য দাশ তেমন ছিলেন না। অনেক বড় ইন্সপিরেশন ছিলেন জীবনানন্দ দাশের জন্য। চলচ্চিত্রটিতে হয়তো সেসবই খোলাশা করে দেখানো হবে।”

‘পলাতক’ নামের চলচ্চিত্রটির নির্মাণ কাজ শুরু হওয়ার কথা রয়েছে আগস্ট মাসেই। শুধু কলকাতায় নয়, বাংলাদেশে জীবনানন্দ দাশের জন্মস্থান বরিশালে কবির বাড়িতেও শুটিং পরিকল্পনা করছেন পরিচালক।