বলিউডে স্বজনপ্রীতি অনেক বেশি: রণবীর কাপুর
স্বজনপ্রীতি নিয়ে প্রথমবারের মতো ‘কফি উইথ করণ’ অনুষ্ঠানে মুখ খোলেন কঙ্গনা রানাউত। এরপর থেকে এ বিষয়টি নিয়ে শুরু হয়েছে নানা তর্ক-বিতর্ক। এবারে এ বিষয়ে মুখ খুললেন রণবীর কাপুর।
সোজাসাপ্টা কথা বলার জন্য বরাবরই সুনাম রয়েছে বলিউড ‘কুইন’ কঙ্গনা রানাউতের। তারকালাপ অনুষ্ঠান ‘কফি উইথ করণ’য়ে অতিথি হয়ে খোদ করণ জোহরকেই বলিউডে স্বজনপ্রীতির ধারক ও বাহক বলে মন্তব্য করে হৈচৈ ফেলে দিয়েছিলেন ‘রেঙ্গুন’ অভিনেত্রী। এবারে তারকা সন্তান রণবীর কাপুরও স্বীকার করলেন বলিউডে স্বজনপ্রীতি চর্চার কথা।
ইন্ডিয়া টুডে জানায়, ১৪ জুলাই মুক্তি পাচ্ছে রণবীরের নতুন ছবি ‘জগ্গা জাসুস’। সম্প্রতি ছবির প্রচারণায় ফেইসবুক লাইভে্ এসেছিলেন রণবীর। এতে ‘স্বজনপ্রীতি’ নিয়ে তিনি বলেন, “পৃথিবীর সব জায়গায় স্বজনপ্রীতি রয়েছে। কোথাও কম, কোথাও বেশি। বলিউডে স্বজনপ্রীতি রয়েছে খুব বেশি পরিমাণে।”
তিনি আরও বলেন, “আমার দাদা অনেক কষ্ট করে ইন্ড্রাস্ট্রিতে জায়গা করেছেন। এরপর আমার বাবা তারকা সন্তান হিসেবে সহজেই কাজ পেয়েছেন। একইভাবে আমার বাবা তাই করেছেন আমার জন্য। আমিই চেষ্টা করবো পরিশ্রম ও মেধার মাধ্যমে নিজের একটি জায়গা তৈরি করতে যাতে আমার সন্তানদের কষ্ট করতে না হয়। এটা তো খুবই স্বাভাবিক।”
তবে নিজের যোগ্যতা ও মেধা না থাকলে কেউই বলিউডে টিকে থাকতে পারে না বলেও জানান ‘অ্যাই দিল হ্যায় মুশকিল’ তারকা। তিনি বলেন, “তারকা বাবা-মায়েরা হয়ত তাদের সন্তানদের প্রথম কাজটি পেতে সাহায্য করেন তবে এরপরে তার সফলতা নির্ভর করবে সম্পূর্ণই তার নিজের যোগ্যতার উপর।”
এর আগে বলিউডে স্বজনপ্রীতিচর্চার কথা স্বীকার করেছেন তারকা সন্তান আলিয়া ভাট। অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়াও জানিয়েছিলেন স্বজনপ্রীতির শিকার হওয়ার কথা।
