যৌথ প্রযোজনার অনিয়মের বিরুদ্ধে এফডিসিতে ধর্মঘট
যৌথ প্রযোজনার নামে ‘যৌথ প্রতারণা’ ঠেকাতে ধর্মঘটের ডাক দিয়েছে বিএফডিসি ভিত্তিক চলচ্চিত্র সংশ্লিষ্ট সংগঠনগুলো।
আন্দোলন আর প্রতিবাদে মুখর হয়ে উঠেছে বিএফডিসি। শিল্পী সমিতির নির্বাচনকে ঘিরে অস্থিতিশীল পরিস্থিতি শান্ত হতে না হতেই এবার যৌথ প্রযোজনার চলচ্চিত্রের অনিয়ম ঠেকাতে মাঠে নামছে বিএফডিসি ভিত্তিক চলচ্চিত্রের ১৪টি সংগঠন। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনের মাধ্যমে সংগঠনগুলোর পক্ষ থেকে আগামীকাল রোববার এক ধর্মঘটের ডাক দেয়া হয়েছে। যৌথ প্রযোজনার চলচ্চিত্রের অনিয়ম রোধেই এ ধর্মঘটের ডাক।
ঘটনার সূত্রপাত যৌথপ্রযোজনায় নির্মিত ঈদে মুক্তির মিছিলে থাকা ছবি ‘বস টু’ ঘিরে। জিৎ-ফারিয়া-শুভশ্রী অভিনীত চলচ্চিত্রটিতে অনিয়মের অভিযোগ এনেছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা। প্রিভিউ কমিটির আপত্তি স্বত্তেয় মন্ত্রণালয়ের ফাঁক গলে চলচ্চিত্রটি এখন সেন্সরবোর্ডে। জানা যায়, যৌথ প্রযোজনার প্রিভিউ কমিটি ‘বস ২’ ছবিতে নীতিমালা মানা হয়নি এ মর্মে তথ্য মন্ত্রণালয়কে চিঠি দেয়। কিন্তু মন্ত্রণালয়ে ‘ভবিষ্যতে আর নীতিমাল ভাঙা হবে না’ এ মর্মে মুচলেকা দিয়ে ছাড়পত্র নেয় সিনেমাটির প্রযোজকেরা।
এছাড়াও আসছে ঈদে মুক্তির অপেক্ষায় আছে শাকিব খান অভিনীত যৌথপ্রযোজনার অন্য একটি ছবি ‘নবাব’। এ ছবিটির বিরুদ্ধেও নিয়ম না মানার আশঙ্কা করছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা। এমন পরিস্থিতিতে আসছে ঈদে দেশীয় চলচ্চিত্রের বিপরীতে অনিয়মে ভরা যৌথ প্রযোজনার ছবির মুখোমুখি অবস্থান মানতে পারছেন না চলচ্চিত্রসংশ্লিষ্ট অনেকেই।
সংবাদ সম্মেলনে বলা হয়, রোববার সকাল ১০টায় এফডিসির গেটে এই ধর্মঘট পালন করা হবে। ধর্মঘটের সময় থেকে এফডিসিতে কোনো টেকনিশিয়ান, শিল্পী, প্রশাসনিক ভবনের কর্মকর্তাসহ কাউকে ঢুকতে বা বের হতে দেওয়া হবে না।
শুধু তাই নয়, অবস্থান ধর্মঘটের পর যৌথ প্রযোজনার অনিয়মের বিরুদ্ধে আরো কঠোর সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার।
