কোনালের ‘ঈদ মুবারক’
ঈদ নিয়ে চলছে হাজারো আয়োজন। গান, সিনেমা, নাটক আর টিভি অনুষ্ঠানের বাহারি চমকে ঝলমল করে উঠছে গ্ল্যামার মিডিয়ার আকাশ। এর মাঝে শ্রোতাদের একটি বিশেষ গান উপহার দিচ্ছেন কোনাল।
‘ঈদ মুবারক’ নামের এই গানটির সঙ্গে শ্রোতারা খুঁজে পাবেন পবিত্র মাহে রমজান শেষে ঈদ উৎসবের কথোপকথন। যেটাকে বলা যায়, সত্যিকারের ঈদকেন্দ্রীক গান।
গানটি প্রসঙ্গে কোনাল বলেন, “এটি আমার কাছে আসলেই বিশেষ একটি গান। সরাসরি ঈদ বিষয়ে এমন গান এর আগে আর করা হয়নি। গানটি শুনলে যে কেউ ঈদের আনন্দটা অনুভব করতে পারবেন বলে আশা করছি।”
গানটিতে তার সঙ্গে সহশিল্পী হিসেবে কণ্ঠ দিয়েছেন তরুণ সুরকার-সংগীত পরিচালক জেকে মজলিশ। এসআই সুমনের কথায় গানটির সুর-সংগীতের কাজটি করেছেন মজলিশ নিজেই। খুব শীঘ্রই অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভির ব্যানার সহ প্রায় সবকটি ডিজিটাল প্ল্যাটফর্মে গানটি মুক্তি দেওয়া হবে।
