২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বর্ণাঢ্য আয়োজনে বিটিভির ঈদ ‘আনন্দ মেলা’

প্রতিবারের মতো এবারও বর্ণাঢ্য আয়োজনে তৈরি হলো ঈদের বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান ‘আনন্দ মেলা’।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2017, 06:12 PM

Updated : 11 Oct 2022, 02:09 PM

দেশের বেশিরভাগ অঞ্চলের দর্শকদের কাছে এখনও বাংলাদেশ টেলিভিশনই একমাত্র বিনোদন মাধ্যম। সেই লক্ষ্যে প্রতিবারের মতো এবারও দর্শকদের ঈদ বিনোদনে নির্মিত হলো ঈদের বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান ‘আনন্দ মেলা’। ‘আনন্দ মেলা’য় এবার উপস্থাপক হিসেবে আসছেন ‘আয়নাবাজি’খ্যাত অভিনেত্রী ও উপস্থাপিকা নাবিলা ও ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা সজল। অনুষ্ঠানটি প্রযোজনা করছেন আনোয়ার রঞ্জু ও মাহফুজুর রহমান। তারা জানালেন এবারের আয়োজনের বৈচিত্রের কথা।

আনন্দ মেলায় এবার আরেফিন রুমীর সংগীতায়োজনে গেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত কণ্ঠশিল্পী চন্দন সিনহা। এই ঈদের বিশেষ ‘আনন্দ মেলা’র জন্যই গানটি তৈরি করা হয়েছে। চন্দন সিনহা ছাড়াও অনুষ্ঠানে  গান গেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী কুমার বিশ্বজিৎ ও হাবীব ওয়াহিদ।

ঈদের অনন্দ বাড়িয়ে দিতে দর্শকদের জন্য এবারের ‘আনন্দ মেলা’য় গান ছাড়াও রয়েছে যাদু সম্রাট জুয়েল আইচের যাদু পরিবেশনা। থাকছে নুসরাত ফারিয়ার নৃত্য। ঘুম গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেছেন তিনি। এছাড়াও রয়েছে টিভি উপস্থাপকদের নিয়ে একটি ব্যতিক্রমী গেম শো।

অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হবে ঈদের দিন রাত ১০ টার সংবাদের পর।