২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘ট্রিপল এক্স’য়ের পরের পর্বেও দীপিকা

চলতি বছরের শুরুতেই ‍মুক্তি পেয়েছে দীপিকা পাড়ুকোন অভিনীত প্রথম হলিউডি সিনেমা ‘ট্রিপল এক্স : রিটার্ন অফ জ্যান্ডার কেইজ’। এবার জানা গেল এই সিনেমার পরের পর্বেও থাকছেন তিনি!

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2017, 07:51 PM

Updated : 11 Apr 2022, 11:45 PM

চলতি বছরের প্রথমভাগের অন্যতম বড় হিট ভিন ডিজেল ও দীপিকা পাড়ুকোন অভিনীত ‘ট্রিপল এক্স : রিটার্ন অফ জ্যান্ডার কেইজ’। এই সিনেমার মাধ্যমে বেশ ভালোভাবেই শুরু হয়েছিল দীপিকার পশ্চিমা কেরিয়ার। এবার সিনেমাটির নির্মাতা ডিজে কারুসো জানালেন, পরের পর্বেও দেখা যাবে দীপিকা অভিনীত সেরেনা আঙ্গার চরিত্রটিকে।

সম্প্রতি সিনেমার আরেক অভিনেত্রী রুবি রোজের টুইটারে একটি পোস্টের মাধ্যমে ‍উঠে আসে দীপিকার ‘ট্রিপল এক্স’-এর পরের পর্বে অভিনয়ের কথা। ওই পোস্টে রুবি লিখেছিলেন, ‘ট্রিপল এক্স’-এর দিনগুলোকে কতটা মিস করেন তিনি!

পোস্টের মন্তব্যে নির্মাতা ডিজে কারুসো লিখেন, শিগগিরই শুরু হবে এই সিরিজের পরবর্তী পর্বের কাজ। এই সময় এক ভক্ত কারুসোকে প্রশ্ন করেন, এই পর্বেও সেরেনা আঙ্গার থাকছেন কিনা। উত্তরে কারুসো বলেন, ‘অবশ্যই’।

দীপিকা অবশ্য এই মুহূর্তে ব্যস্ত আছেন বলিউডেই। কাজ চলছে সঞ্জয় লীলা বনসালির পরবর্তী সিনেমা ‘পদ্মাবতী’র, যেখানে দীপিকাকে দেখা যাবে নাম ভূমিকায়। এতে তার বিপরীতে অভিনয় করছেণ শাহিদ কাপুর।

চলতি বছরে ‘ট্রিপল এক্স’ ছাড়াও দীপিকা পাড়ুকোন আলো ছড়িয়েছেন কান চলচ্চিত্রের লাল গালিচাতেও। সবমিলিয়ে পশ্চিমা বিনোদন দুনিয়ায় এই বছরে বেশ সরবই আছেন তিনি!